Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ডুমুরজলা স্টেডিয়াম সংলগ্ন ড্রেনেজ ক্যানাল রোড হবে শৈলেন মান্না সরণি

ডুমুরজলা স্টেডিয়াম সংলগ্ন ড্রেনেজ ক্যানাল রোড হবে শৈলেন মান্না সরণি
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ডুমুরজলা স্টেডিয়াম সংলগ্ন ড্রেনেজ ক্যানাল রোডের নামকরণ হোক প্রয়াত বিখ্যাত ফুটবলার শৈলেন মান্নার নামে। মঙ্গলবার দুপুরে পূর্ব মেদিনীপুরে যাওয়ার আগে ডুমুরজলা হেলিপ্যাডে দাঁড়িয়ে এই নির্দেশই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রাস্তার দু’পাশ সংস্কার করে স্বনির্ভর গোষ্ঠীর বিভিন্ন স্টল বসানোরও নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরেই এদিন গোটা এলাকা ঘুরে দেখে পরিকল্পনা বাস্তবায়নের প্রাথমিক কাজ সারেন হাওড়া পুরসভা ও জেলা প্রশাসনের কর্তারা। 
Advertisement
এদিন দুপুর ২টো নাগাদ দীঘা সফরের আগে ডুমুরজলা স্টেডিয়ামের পাশে হেলিপ্যাডে আসেন মুখ্যমন্ত্রী। তারপর তিনি ডেকে পাঠান হাওড়ার জেলাশাসক, পুলিস কমিশনার সহ জেলা প্রশাসনের কর্তাদের। মুখ্যমন্ত্রী বলেন, ‘ড্রেনেজ ক্যানাল রোডের নাম বদলে শৈলেন মান্না সরণি করতে। যদি হাওড়ায় শৈলেন মান্না রোড নামে অন্য কোনও রাস্তা না থাকে, তাহলে ড্রেনেজ ক্যানাল রোডের নাম পরিবর্তন করে তাঁর নামে রাখা যেতে পারে। এই রাস্তার দু’পাশ সংস্কার করে স্বনির্ভর গোষ্ঠীর জন্য দোকান করে দিতে বলেছি।’ পাশাপাশি ড্রেনেজ ক্যানাল রোডের একাধিক ভাঙা অংশ দ্রুত মেরামতিরও নির্দেশ দেন তিনি।
মুখ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা হতেই প্রশাসনিক কর্তারা ড্রেনেজ ক্যানেল রোডের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। জেলাশাসক পি দীপাপ প্রিয়া বলেন, ‘শীঘ্রই কাজ শুরু হবে। কীভাবে সৌন্দর্যায়ন করা হবে, তা দেখা হচ্ছে।’ এদিন বিকেলে ফের এলাকা পরিদর্শনে যান হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী, পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য তথা উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী।
হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক বলেন, ‘প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার দীর্ঘ ড্রেনেজ ক্যানাল রোডের নাম পরিবর্তন খুব শীঘ্রই করা হবে। ডুমুরজলা স্টেডিয়ামের উল্টো দিকের অংশে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য স্টল বসানো হবে।’ প্রসঙ্গত, চলতি বছর ফুটবলার শৈলেন মান্নার জন্মশতবর্ষ। ওলিম্পিকসে দেশের প্রতিনিধিত্ব করা এই কিংবদন্তী ফুটবলারের নামে হাওড়ায় রাস্তার নামকরণ করার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন স্তরের মানুষ। প্রয়াত ফুটবলারের কন্যা নীলাঞ্জনা মান্না বলেন, ‘মুখ্যমন্ত্রী বরাবর বাবার খোঁজ নিতেন। বাবার মৃত্যুর পর শেষযাত্রায় হেঁটেছিলেন তিনি। বাবার জন্মশতবর্ষে তাঁর নামে রাস্তার নামকরণ হতে চলেছে, এটা আমাদের বিরাট প্রাপ্তি। মা বেঁচে থাকলে ভীষণ খুশি হতেন। সমগ্র মান্না পরিবারের তরফ থেকে মুখ্যমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।’ ড্রেনেজ ক্যানাল রোড সংলগ্ন ৪২ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা দেবব্রত মুখোপাধ্যায়, পলাশ বিশ্বাস, রীতা কর্মকাররা বলেন, ‘হাওড়ার ভূমিপুত্রের নামে এই শহরের রাস্তার নামকরণ হবে, সেটাই তো স্বাভাবিক। শৈলেন মান্না বাঙালির গর্ব।’ তবে রাস্তার সৌন্দর্যায়নের পাশাপাশি আগামী বছর থেকে বর্ষার সময় যাতে জমা জলের সমস্যা না হয়, সেদিকেও প্রশাসনিক পদক্ষেপের দাবি তুলেছেন স্থানীয়রা।
সম্পর্কিত সংবাদ