Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

দম্পতির বিচ্ছেদ মামলা চলাকালীন মেয়ের রহস্যমৃত্যু, বারাসতে চাঞ্চল্য 

দম্পতির বিচ্ছেদ মামলা চলাকালীন মেয়ের রহস্যমৃত্যু, বারাসতে চাঞ্চল্য 
  • ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: স্বামী ও স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। দু’বছর হল তাঁরা আলাদা ঠিকানায় থাকেন। তাঁদের ১৬ বছরের মেয়ে থাকত মায়ের সঙ্গে। বৃহস্পতিবার গভীর রাতে মেয়ের অস্বাভাবিক মৃত্যু হওয়ায় চাঞ্চল্য ছড়াল বারাসতে। মৃতার নাম অর্যমা সাহা। একমাত্র মেয়ের মৃত্যুর খবর পেয়ে স্ত্রীর বাড়িতে যান বাবা সঞ্জয় সাহা। মেয়ের মৃত্যু স্বাভাবিক নয় বলেই তাঁর অভিযোগ। বাবার সন্দেহের প্রেক্ষিতে নাবালিকার মৃতদেহ ময়নাতদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে বারাসত থানার পুলিস। যদিও এই প্রসঙ্গে পুলিস জানিয়েছে, এই মৃত্যুর ঘটনায় পরিবারের তরফে কেউ কোনও লিখিত অভিযোগ করেননি। তবে, মেয়ের মৃত্যু নিয়ে সন্দেহপ্রকাশ করায় ময়নাতদন্ত করা হয়েছে। রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। 
Advertisement
জানা গিয়েছে, বারাসত পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে নিজের বাড়িতে থাকেন সার ব্যবসায়ী সঞ্জয় সাহা। তাঁর সঙ্গে স্ত্রীর দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল। সেই বিবাদকে ঘিরে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে বারাসত আদালতে। গত দু’বছর ধরে স্বামী এবং স্ত্রী আলাদা থাকেন। অর্যমা মায়ের সঙ্গে থাকত একই ওয়ার্ডের নবপল্লিতে প্রতাপাদিত্য রোডে। বৃহস্পতিবার রাতেও বাবার সঙ্গে ফোনে কথা হয়েছিল মেয়ের। গভীর রাতেই অর্যমার অস্বাভাবিক মৃত্যু হয়। বারাসত থানার পুলিস ও স্থানীয় কাউন্সিলারের কাছে গিয়ে মেয়ের মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেন সঞ্জয়। মৃতের মা বারাসত থানার  পুলিসকে জানিয়েছেন, মেয়ে ওইদিন অসুস্থ হয়ে পড়ে। গভীর রাতে বারাসতের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় কাউন্সিলার অরুণ ভৌমিক বলেন, ময়নাতদন্তের রিপোর্ট এলেই সব কিছু জানা যাবে। এ নিয়ে দম্পতি সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে নারাজ।
সম্পর্কিত সংবাদ