Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জেলার রাস্তার কাজে ব্রাত্য পূর্ত কর্মাধ্যক্ষই, সভাধিপতির বিরুদ্ধে ডিএমকে নালিশ

জেলার রাস্তার কাজে ব্রাত্য পূর্ত কর্মাধ্যক্ষই, সভাধিপতির বিরুদ্ধে ডিএমকে নালিশ
  • ৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: জেলা পরিষদের পূর্ত স্থায়ী সমিতির কাজে তাঁর কোনও মতামত গ্রাহ্য হচ্ছে না। এমনকী, রাস্তার শিলান্যাস ও উদ্বোধনী অনুষ্ঠানেও তাঁকে এড়িয়ে যাওয়া হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত ও পরিবহণ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ মানব পড়ুয়া এমনই অভিযোগ করলেন। জেলাশাসক পূর্ণেন্দু মাজীর কাছে তাঁর অভিযোগ পাঠিয়েছেন। বৃহস্পতিবার ভগবানপুর-১ ব্লকের বাড় ভগবানপুর থেকে দেঁড়েদিঘি পর্যন্ত প্রায় ১০কিলোমিটার রাস্তার কাজের শিলান্যাস হয়। স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সির (ডব্লুবিএসআরডিএ) ৬কোটি ৬লক্ষ ৯২হাজার টাকা খরচে ওই রাস্তার কাজের শিলান্যাস করেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। যদিও অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি পূর্ত কর্মাধ্যক্ষ।
পূর্ত কর্মাধ্যক্ষ মানব জেলা পরিষদে কোথায় কোন রাস্তার কাজ হবে তা নিয়ে বেশিরভাগ সময় অন্ধকারে থাকছেন বলে তাঁর অভিযোগ। মেরামতের ক্ষেত্রে কোন কোন রাস্তা অগ্রাধিকার তালিকায় রাখা হবে, তা নিয়ে পূর্ত কর্মাধ্যক্ষের মতামত গুরুত্ব পাচ্ছে না বলে অভিযোগ। টেন্ডার প্রক্রিয়া থেকে ওয়ার্ক অর্ডার পাওয়া পর্যন্ত গোটা প্রক্রিয়ায় পূর্ত কর্মাধ্যক্ষ অন্ধকারে থাকছেন বলে তাঁর অভিযোগ। সম্প্রতি বেশ কয়েকবার পূর্ত কর্মাধ্যক্ষ জেলাশাসকের সঙ্গে দেখা করেছেন। জেলা পরিষদের অভ্যন্তরে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাঁকে ব্রাত্য রাখা হচ্ছে বলে মানব অভিযোগ করেছেন। 
একইসঙ্গে তাঁর অভিযোগ, জেলা পরিষদের বিভিন্ন রাস্তার কাজের শিলান্যাস ও উদ্বোধনী অনুষ্ঠানেও তাঁকে ডাকা হচ্ছে না। তাঁর অভিযোগের তির সভাধিপতির দিকেই। বৃহস্পতিবার বিকেলে জেলাশাসকের উপস্থিতিতে জেলা পরিষদে দীর্ঘক্ষণ বৈঠক হয়। সেখানে সভাধিপতি, পূর্ত কর্মাধ্যক্ষ, অতিরিক্ত জেলাশাসক(জেলা পরিষদ) এবং ইঞ্জিনিয়াররা উপস্থিত ছিলেন। পরস্পরের মধ্যে মতবিরোধ সরিয়ে একযোগে কাজ করার নির্দেশ দেন জেলাশাসক।
২০০১সাল থেকে টানা চারবার ভগবানপুর বিধানসভায় তৃণমূলের হয়ে লড়াই করেছেন অর্ধেন্দু মাইতি। এখন তিনি রাজনৈতিক সন্ন্যাস নিয়েছেন। আগামী বছর কে প্রার্থী হবেন তা নিয়ে এখন থেকেই দড়ি টানাটানি শুরু হয়েছে। ভগবানপুর-২ ব্লক থেকে জেলা পরিষদে নির্বাচিত মানব নিজেকে ২০২৬সালে ওই বিধানসভার প্রার্থী হিসেবে তুলে ধরতে মরিয়া। এজন্য সভাধিপতিকে চাপে রাখতে চাইছেন বলে রাজনৈতিক মহল মনে করছে।
বৃহস্পতিবার ভগবানপুর-১ ব্লকের ইলাসপুর বাজারে ওই রাস্তার কাজের সূচনা অনুষ্ঠান হয়। ওই কাজ সম্পূর্ণ হলে ভগবানপুর, শিমুলিয়া, মহম্মদপুর-১ ও ২পঞ্চায়েত এলাকার মানুষজন উপকৃত হবেন। ভগবানপুর ও শিমুলিয়া পঞ্চায়েত ভগবানপুর বিধানসভার মধ্যে পড়ে। অপরদিকে, মহম্মদপুর-১ ও ২পঞ্চায়েত চণ্ডীপুর বিধানসভার মধ্যে পড়ে। দুই বিধানসভার মধ্যবর্তী ইলাসপুর বাজারে এদিন শিলান্যাস অনুষ্ঠান হয়। ভগবানপুর বিধানসভা এলাকা থাকা সত্ত্বেও তাঁকে অনুষ্ঠানে না ডাকায় মানব জেলাশাসক ও দলের রাজ্য নেতৃত্বের কাছে নালিশ জানান। 
মানব বলেন, জেলা পরিষদের পূর্ত স্থায়ী সমিতির কাজের শিলান্যাসে আমি ডাক পাচ্ছি না। কোন রাস্তার কাজ হবে, কোনটা অগ্রাধিকারের তালিকায় থাকবে সেখানেও আমার মতামত খাটছে না। তাহলে পূর্ত কর্মাধ্যক্ষ হিসেবে আমার থেকে লাভ কী? জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক বলেন, আমি অনুষ্ঠানে যাওয়ার সময় পূর্ত কর্মাধ্যক্ষকে ফোন করে এক গাড়িতে যেতে আবেদন করেছি। তাছাড়া ওই রাস্তা জেলা পরিষদের নয়। ডব্লুবিএসআরডিএর তহবিল থেকে রাস্তার কাজ হবে। 

Advertisement

 উত্তম বারিক। ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ