Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দোমোহনিতে হোটেল থেকে ১০টি বেআইনি গ্যাস সিলিন্ডার উদ্ধার

দোমোহনিতে হোটেল থেকে ১০টি বেআইনি গ্যাস সিলিন্ডার উদ্ধার
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ময়নাগুড়ি: শনিবার ময়নাগুড়ির দোমোহনি মোড়ে একটি হোটেলে অভিযান চালিয়ে ১০টি বেআইনি রান্নার গ্যাসের সিলিন্ডার উদ্ধার করেছে জলপাইগুড়ি জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। সিলিন্ডারগুলি বাড়িতে ব্যবহারের জন্য। সেগুলিকেই নিয়ম ভেঙে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছিল। অভিযুক্ত হোটেল মালিকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। কিছুদিন আগে ময়নাগুড়ি থানার পক্ষ থেকে এমন অভিযান চলেছিল। ময়নাগুড়ি শহরের বিভিন্ন খাবারের দোকান থেকে উদ্ধার হয়েছিল এমন প্রচুর সিলিন্ডার। এদিকে একজন হোটেল ব্যবসায়ীর কাছে এতগুলি ডোমেস্টিক গ্যাসের সিলিন্ডার কীভাবে এল তা নিয়ে প্রশ্ন ঈঠেছে। শনিবার বাজেয়াপ্ত গ্যাসের সিলিন্ডারগুলি স্থানীয় এক ডিস্ট্রিবিউটরের জিম্মায় দেওয়া হয়েছে।
Advertisement
রান্নার গ্যাসের ময়নাগুড়ির এক ডিস্ট্রিবিউটার সুপ্রিয় মুকসুদ্দি বলেন, গ্যাস নেওয়ার ক্ষেত্রে বুকিং করতে হয়। ওটিপি নম্বর ছাড়া গ্যাস দেওয়া হয় না। এর আগেও ময়নাগুড়ি থানার পক্ষ থেকে অভিযান চলেছিল। আমরা একটা বিষয় দেখেছি, অনেকেই খড়ি জ্বালানি হিসেবে ব্যবহার করেন। তাঁরা গ্যাসের সিলিন্ডার ব্যবহার করেন না। তাঁরা সিলিন্ডার উঠিয়ে বাইরে বিক্রি করে দেন। সে কারণেই হয়তো ওই ব্যবসায়ীর কাছে এতগুলি গ্যাসের সিলিন্ডার মিলেছে। ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতির সম্পাদক সুমিত সাহা বলেন, আইন প্রত্যেককে মেনে চলতে হবে। বাড়িতে ব্যবহারের সিলিন্ডার কোনওভাবেই ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যবহার করা যাবে না। কমার্শিয়াল অর্থাৎ বাণিজ্যিক সিলিন্ডার ব্যবহার করতে হবে। কেউ আইন না মানলে প্রশাসন তো প্রশাসনের মতো ব্যবস্থা গ্রহণ করবেই। এদিকে অভিযুক্ত ব্যবসায়ীকে ফোন করা হলে তিনি দাবী করেন, সিলিন্ডারগুলি অন্যরা তাঁর হোটেলে রেখে গিয়েছিলেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ