Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

দামোদরে ভাটা, খেয়াঘাটের কাছে চিংড়ি ধরতে হুড়োহুড়ি শ্যামপুরে

দামোদরে ভাটা, খেয়াঘাটের কাছে চিংড়ি ধরতে হুড়োহুড়ি শ্যামপুরে
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, উলুবেড়িয়া: হাতের নাগালের মধ্যে বিভিন্ন সাইজের চিংড়ি। কেউ ছাকনি দিয়ে, কেউ আবার খালি হাতেই মনের আনন্দে চিংড়ি হাঁটা দিচ্ছে বাড়ির পথে। ঘটনাটি ঘটেছে শ্যামপুর ১ নম্বর ব্লকের বালিচাতুড়ি গ্রাম পঞ্চায়েতের শ্যামপুর খেয়াঘাটের কাছে। রবিবার দুপুরে দামোদরে ভাটার সময় খেয়াঘাটের কাছে হাতের নাগালের মধ্যে বিভিন্ন সাইজের চিংড়ি ভাসতে দেখা যায়। অনেকে জলে নেমে মাছ ধরতে শুরু করে। নিমেষে এই খবর রটে যায় চারদিকে। এরপর দলে দলে লোক আসতে শুরু করে। পরে জোয়ার এলে চিংড়িগুলি জলে মিলিয়ে যায়।
Advertisement
স্থানীয় বাসিন্দা পীযূষ পাল বলেন, মূলত দামোদরে ভাটার সময় জলস্তর কমে গেলে জলে বিষাক্ত রাসায়নিক মেশানো হয়। তাতেই চিংড়ি মাছগুলি ক্রমে নিস্তেজ হয়ে পড়ে। তখন ভাসতে ভাসতে পাড়ের কাছে চলে আসে। নাগালে চলে এলে যে যেমন পারে, মাছ ধরতে নেমে পড়ে। যতক্ষণ না জোয়ার আসে, ততক্ষণ এভাবেই গ্রামবাসীরা মাছ ধরেন। শুক্রবার এভাবেই চিংড়ির ঝাঁক ভাসতে ভাসতে পাড়ে এলে লোকজন জাল, ছাঁকনি ইত্যাদি নিয়ে জলে নেমে পড়েন। ইতিমধ্যেই বিষয়টি শ্যামপুর থানাকে মৌখিকভাবে জানানো হয়েছে। শ্যামপুর ১ নম্বর ব্লকের বিডিও তন্ময় কারজি বলেন, বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। 
সম্পর্কিত সংবাদ