Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে অবরোধ নাগরিক মঞ্চের

দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে অবরোধ নাগরিক মঞ্চের
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বরানগর: বৃহস্পতিবার দুপুরে একগুচ্ছ দাবিতে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে রেল অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। প্রায় আধঘণ্টা অবরোধ থাকায় যাত্রীরা দুর্ভোগের শিকার হন। দমদম ক্যান্টনমেন্ট নাগরিক মঞ্চের উদ্যোগে এই আন্দোলন হয়। তাঁদের দাবি, অবিলম্বে নতুন আন্ডারপাস ও ফুট ওভারব্রিজ তৈরি করার পাশাপাশি স্টেশনের পশ্চিম প্রান্তে একটি টিকিট কাউন্টার খুলতে হবে। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করা হবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ১১টার পর ক্যান্টনমেন্ট স্টেশন চত্বরে নাগরিক মঞ্চ মিছিল বের করে। সকাল ১১টা ৩২ মিনিট থেকে আন্দোলনকারীরা ট্রেন অবরোধ শুরু করেন। ফলে বারাসতগামী শিয়ালদহ লোকাল সহ বহু ট্রেন দাঁড়িয়ে যায়। রেললাইনের উপর শুয়ে পড়ে বিক্ষোভ দেখান তাঁরা। পরে আরপিএফের জওয়ানরা এসে ১১টা ৫৮ মিনিট নাগাদ অবরোধ তুলে দেন। আন্দোলনকারীরা বলেন, ক্যান্টনমেন্ট স্টেশনে যাত্রীর সংখ্যা কয়েকগুণ বেড়েছে। আগামী দিনে মেট্রো পরিষেবা চালু হলে যাত্রী আরও বাড়বে। তাই ক্যান্টনমেন্ট স্টেশন পারাপারের জন্য আন্ডারপাস তৈরি করতে হবে। এছাড়াও ফুট ওভারব্রিজটি সঙ্কীর্ণ। তা আরও প্রশস্ত ও মজবুত করতে হবে। স্টেশনের পশ্চিম প্রান্তে আগে টিকিট কাউন্টার থাকলেও বর্তমানে তা বন্ধ। ফলে সাধারণ যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। বারবার রেল কর্তৃপক্ষকে জানিয়েও কোনও লাভ হচ্ছে না। রেল কর্তৃপক্ষ দাবি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ