Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

দমদমে ডিজিটাল অ্যারেস্টের নাম করে সাইবার প্রতারণা, উদ্ধার ২২ লক্ষ টাকা

দমদমে ডিজিটাল অ্যারেস্টের নাম করে সাইবার প্রতারণা, উদ্ধার ২২ লক্ষ টাকা
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বরানগর: দমদমে ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর নাম করে সাইবার প্রতারণার শিকার হয়েছিলেন এক ব্যক্তি। ধাপে ধাপে তাঁর কাছ থেকে ৬০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছিল। তদন্তে নেমে বারাকপুর কমিশনারেটের পুলিস ২২ লক্ষের কিছু বেশি টাকা উদ্ধার করেছে। বৃহস্পতিবার পুলিস কমিশনার অলক রাজোরিয়া ওই ব্যক্তির হাতে টাকা তুলে দেন। পুলিস জানিয়েছে, বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, দমদমের পি কে গুহ রোডের বাসিন্দা অশোককুমার ঘোষ গত ১৭ অক্টোবর দমদম থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তাতে তিনি বলেন, গত ২৫ সেপ্টেম্বর দিল্লি এয়ারপোর্টের আধিকারিক পরিচয় দিয়ে এক ব্যক্তি তাঁকে ফোন করেছিল। তিনি বলেছিলেন, তাঁর নামে একটি পার্সেল এসেছে। তাতে ৪০ কেজি মাদক, ৫৮টি এটিএম ও ১৬টি পাসপোর্ট রয়েছে। এরপর সিবিআই অফিসার পরিচয় দিয়ে এক ব্যক্তি ফোন করে টাকা চায়। টাকা না দিলে ডিজিটাল অ্যারেস্টের হুমকি দেয়। এরপর দফায় দফায় অশোকবাবুর কাছ থেকে আরটিজিএসের মাধ্যমে ৬০ লক্ষ টাকা হাতিয়ে নেয়। তদন্তে নেমে পুলিস মোট ২২ লক্ষ ৭ হাজার ৩৭৩ টাকা উদ্ধার করে। এদিন তাঁর হাতে সেই টাকা তুলে দেওয়া হয়। 
সম্পর্কিত সংবাদ