Bartaman Logo
১৯ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে এবার অংশগ্রহণ করছেন দক্ষিণ দিনাজপুরের দুই পড়ুয়া

দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে এবার অংশগ্রহণ করছেন দক্ষিণ দিনাজপুরের দুই পড়ুয়া
  • ২৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
গোপাল সূত্রধর, পতিরাম: দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের প্যারেডে অংশগ্রহণ করছেন দক্ষিণ দিনাজপুর জেলার দুই পড়ুয়া। একজন বালুরঘাট কলেজের ছাত্রী এবং আরেকজন গঙ্গারামপুর কলেজের ছাত্র। দু’জনই ৭ বেঙ্গল ব্যাটালিয়ন এনসিসি’র ক্যাডেট। সেখান থেকেই জেলার এই দুই পড়ুয়া দিল্লিতে প্যারেডে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন। আজ, রবিবার দিল্লিতে তাঁরা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সামনে প্যারেডে অংশগ্রহণ করছেন। এমন খবরে খুশি দক্ষিণ দিনাজপুর জেলার শিক্ষা মহল। জেলা থেকে এই প্রথম সাধারণতন্ত্র দিবসে দিল্লির কুচকাওয়াজে কোনও পড়ুয়া অংশগ্রহণ করছে। 
Advertisement
এনসিসি’র ৭ বেঙ্গল ব্যাটালিয়নের একজন ক্যাডেট বিপ্লব রায় বলেন, দক্ষিণ দিনাজপুর জেলা থেকে ৭ বেঙ্গল ব্যাটালিয়নের দু’জন দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের প্যারেডে অংশগ্রহণ করছেন। ফলে এনসিসি’র সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীরা  সকলেই খুশি।
কলেজ সূত্রে খবর, বালুরঘাট কলেজের ছাত্রী শ্রাবণী মাহানো। বাড়ি বালুরঘাটের পাগলিগঞ্জে। তিনি বালুরঘাট কলেজ থেকেই পড়াশোনার পাশাপাশি এনসিসি প্রশিক্ষণপ্রাপ্ত। বাবা কৃষক। মধ্যবিত্ত পরিবার থেকেই উঠে আসা শ্রাবণীর এই সাফল্যে খুশি পরিবার-পরিজনরা। অপরদিকে, গঙ্গারামপুরের ছাত্র অনিমেষ হাঁসদা। তাঁর বাড়ি বুনিয়াদপুরে। তিনি গঙ্গারামপুর কলেজে পড়াশোনার পাশাপাশি এনসিসিতে প্রশিক্ষণপ্রাপ্ত।
অনিমেষ ও শ্রাবণী দু’জনই ৭ বেঙ্গল ব্যাটালিয়নের ক্যাডেট। দিল্লিতে সাধারণতন্ত্র দিবসে অংশগ্রহণের জন্য ধাপে ধাপে প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষণে তাঁরা সফল হয়েছেন। দিল্লিতে যাওয়ার কঠিন পরীক্ষায় দু’জনই উত্তীর্ণ হয়ে এই সুযোগ পেয়েছে। অনিমেষ হাঁসদা এবং শ্রাবণী মাহাত বলেন, দিল্লিতে সাধারণতন্ত্র দিবসে অংশগ্রহণ করা আমাদের স্বপ্ন ছিল। এখানে অংশগ্রহণ করতে পেরে খুবই ভালো লাগছে। এজন্য সবাইকে ধন্যবাদ জানাই। বালুরঘাট কলেজের অধ্যাপিকা তথা এনসিসি’র অফিসার মিঠু বিশ্বাস বলেন, যারা এনসিসি করে তাদের প্রত্যেকের কাছেই দিল্লিতে সাধারণতন্ত্র দিবসে অংশগ্রহণ করার স্বপ্ন থাকে। বালুরঘাট কলেজের ছাত্রী শ্রাবণী কঠোর পরিশ্রম করে এই সুযোগ পেয়েছে। তাতে গোটা কলেজ গর্বিত। শ্রাবণীর এই সাফল্য অন্যদের অনুপ্রেরণা জোগাবে।  গঙ্গারামপুর কলেজের  অধ্যাপক তথা এনসিসি’র অফিসার দীপঙ্কর মিশ্র বলেন, এটা একটা অভাবনীয় সুযোগ। দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সামনে প্যারেড করে তারা যাবে। এমনকী পরের দিনও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয়। রাজ্যে ফিরলেও রাজ্যপাল সংবর্ধনা জানান। সুতরাং খুবই ভালো একটা ব্যাপার। তবে বর্তমান যুগে এনসিসি’র প্রতি পড়ুয়াদের আগ্রহ কমছে। এনসিসি করলেও অনেক সুযোগ রয়েছে। 
প্রসঙ্গত, ২৬ জানুয়ারি ভারতবর্ষের সাধারণতন্ত্র দিবস। যা গোটা ভারতবর্ষে বিশেষ মর্যাদায় পালন করা হয়। দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের প্যারেডে উপস্থিত থাকেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন দেশের প্রতিনিধি সহ প্রধান প্রধান বিভাগের কর্তারা। সেই অনুষ্ঠানে প্যারেড করতে যাচ্ছেন প্রান্তিক দক্ষিণ দিনাজপুর জেলার দুই পড়ুয়া। তাই এনসিসি’র ছাত্রছাত্রী  থেকে শুরু করে ওই দুই ছাত্রছাত্রীর পরিবারের নজর এখন টিভির দিকে।
Advertisement
সম্পর্কিত সংবাদ