নয়াদিল্লি: হিট অ্যান্ড রান ঘটনার সাক্ষী রইল রাজধানী দিল্লি। গাড়ির বনেটে দুই ট্রাফিক পুলিসকে টেনে নিয়ে গেল এক গাড়িচালক। দক্ষিণ-পশ্চিম দিল্লির বের সরাইয়ের এলাকার ঘটনা। দিল্লি পুলিস জানিয়েছে, শনিবার সন্ধ্যা ৭.৪৫ মিনিটি নাগাদ ট্রাফিক আইন লঙ্ঘন করায় একটি গাড়িকে থামানোর চেষ্টা করেন কর্তব্যরত দুই ট্রাফিক পুলিস। গাড়িটি আইন ভেঙে ইউ টার্ন নেওয়ার চেষ্টা করছিল। তখনই গাড়িটিকে থামাতে তার সামনে চলে আসেন পুলিসকর্মীরা। কিন্তু গাড়ি থামানো তো দূরের কথা, উল্টে দুই ট্রাফিক পুলিসকে ধাক্কা মারে গাড়ির চালক। এরপর তাঁদের বনেটে ঝুলিয়ে অন্তত ২০ মিটার টেনে নিয়ে যায়। ওই অবস্থায় একজন পুলিসকর্মী পড়ে যান। কিছুটা যাওয়ার পর জোরে ব্রেক কষলে অপরজনও পড়ে আঘাত পান। এরপরই তড়িঘড়ি গাড়ি ছুটিয়ে পালিয়ে যায় অভিযুক্ত চালক। কিষানগড় থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে আহত দুই পুলিসকর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তাঁদের অবস্থা স্থিতিশীল। পুরো ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত গাড়িচালকের খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিস। ছবি: পিটিআই



