Bartaman Logo
২৭ মে, ২০২৬

দিল্লিতে আজ ন্যায় যাত্রা শুরু কংগ্রেসের

দিল্লিতে আজ ন্যায় যাত্রা শুরু কংগ্রেসের
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  আগামী বছরের প্রথম দিকে দিল্লিতে বিধানসভা ভোট। বৃহস্পতিবারই তার দামামা বাজিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। ভোটের কাজে যুক্ত অফিসারদের নিজের জেলা থেকে অন্যত্র সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়ে দিল্লির মুখ্যসচিবকে চিঠি দিল কমিশন। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে এই বদলির কাজ সম্পূর্ণ করতে বলা হয়েছে। 
Advertisement
দিল্লির বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি। তাই একদিকে যেমন নির্বাচন কমিশন সক্রিয় হল, অন্যদিকে রাজনৈতিক দলগুলিও আরম্ভ করছে কর্মসূচি। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার আদলে দিল্লি প্রদেশ কংগ্রেস আজ ৮ নভেম্বর থেকে শুরু করছে দিল্লি ন্যায় যাত্রা। চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। দিল্লির ৭০টি বিধানসভা এলাকাতেই প্রদেশ নেতৃত্ব পদযাত্রা করবেন। আজ রাজঘাট থেকে ওই যাত্রার সূচনা করতে পারেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। পদযাত্রায় কোনও একদিন রাহুল গান্ধীও যোগ দেবেন বলে সূত্রের খবর। 
এমনিতে বৃহত্তর বিজেপি বিরোধী জোটে রয়েছে কংগ্রেস, আম আদমি পার্টি। দিল্লিতেও বিজেপিকে আটকানোই উভয়ের লক্ষ্য। তবুও আগামী বছর দিল্লি বিধানসভা নির্বাচনে কংগ্রেস-আপ যে যার মতো আলাদা লড়বে বলেই এখনও পর্যন্ত ঠিক করেছে। 
এদিকে আগামী সোমবার, ১১ নভেম্বর থেকে আপ শুরু করছে জেলা সম্মেলন। চলবে ২০ তারিখ পর্যন্ত। দিল্লিতে ১১টি জেলা রয়েছে। তার প্রতিটিতে দলের প্রায় এক লক্ষ বুথস্তরের কর্মীকে নির্বাচনী দাওয়াই দেবেন আপ নেতৃত্ব। অরবিন্দ কেজরিওয়াল যাঁদের মধ্যে অন্যতম। ২০ তারিখের পর থেকে ওই কর্মীরা বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের কথা শুনবেন। জানতে চাইবেন এবার ভোটে তারা কী চায়।
সম্পর্কিত সংবাদ