নয়াদিল্লি: পরিস্থিতি উন্নতির কোনও লক্ষণ নেই। বৃহস্পতিবারও ‘বিপজ্জনক’ ছিল দিল্লির বাতাস। এর মধ্যে উদ্বেগ বাড়িয়ে দূষণের চাদরে মুখ ঢাকল তাজমহলও। পরিস্থিতি মোকাবিলায় আজ, শুক্রবার সকাল ৮টা থেকে রাজধানীতে জারি হতে চলেছে নানা নিষেধাজ্ঞা। নির্মাণ কাজ থেকে চার চাকার ডিজেল গাড়ি চলাচল— নিষিদ্ধ হতে চলেছে।বৃহস্পতিবার দিনেও ঘন ধোঁয়াশায় ঢাকা ছিল আগ্রার চারপাশ। কাছের জিনিসও ভালোভাবে দেখা যাচ্ছিল না। পর্যটকদের তোলা ছবিতে দেখা যাচ্ছে, কাছ থেকেও নজরে পড়ছে না তাজমহল। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন এক পর্যটক। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, এদিন আগ্রার বায়ুদূষণ সূচক (একিউআই) ছিল ১৯৩। বায়ুদূষণের প্রভাব পড়ছে বাসিন্দাদের স্বাস্থ্যের উপরেও। যে কারণে ‘জিআরএপি-৩’ এর আওতায় আজ, শুক্রবার থেকে একগুচ্ছ পদক্ষেপের কথা ঘোষণা করেছে এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট কমিশন। নিষিদ্ধ হতে চলেছে জরুরি নয় এমন সমস্ত ধরনের নির্মাণ ও ভাঙার কাজ। দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চলের গুরুগ্রাম, ফরিদাবাদ, গাজিয়াবাদ ও নয়ডার মতো এলাকায় পথে নামানো যাবে না বিএস-তিন এবং বিএস-চার দূষণ মানকের ডিজেলের চারচাকা গাড়ি। সাধারণ মানুষকে গণপরিবহণ ব্যবহারে উৎসাহিত করতে বেশি সংখ্যায় বাস চালাবে সরকার। সেইসঙ্গে ডিজেল জেনারেটর চালানোর উপরেও জারি হয়েছে বিধিনিষেধ।



