নয়াদিল্লি: ভোটের আগে দিল্লিতে প্রতিশ্রুতির বন্যা। বলা ভালো প্রতিযোগিতা শুরু হয়েছে। এই অবস্থায় বিজেপির প্রতিশ্রুতিকে ভাঁওতা বলে তোপ দাগল আম আদমি পার্টি। দলের পক্ষ থেকে সোমবার ১৫ দফা প্রতিশ্রুতি দিয়ে ইস্তাহার প্রকাশ করা হয়েছে। অনুষ্ঠানে বিজেপিকে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তাঁর বক্তব্য, ‘এটা কেজরিওয়ালের গ্যারান্টি, মোদির ধোঁকা নয়।’ আপের পক্ষ থেকে মূলত সামাজিক প্রকল্প, কর্মসংস্থানে জোর দেওয়া হয়েছে। বলা হয়েছে, ফের ক্ষমতায় ফিরলে ২৪ ঘণ্টা পানীয় জল সরবরাহ, যমুনা নদী পরিচ্ছন্ন করার উপর জোর দেওয়া হবে। কেজরিওয়াল দাবি করেছেন, বেকারত্বের জাতীয় গড় ৬ শতাংশ। আর দিল্লির গড় মাত্র ২ শতাংশ। এই পরিসংখ্যান তুলে ধরে কেজরিওয়াল বলেন, ‘আমি চাই না দিল্লির কেউ কর্মহীন থাকুক।’



