নয়াদিল্লি: স্কুলে বোমা রাখা আছে। দিল্লির প্রায় ৪০টি স্কুলে এমনই ই-মেল আসায় বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। স্কুলগুলির মধ্যে রয়েছে, ডিপিএস আর কে পুরম, পশ্চিম বিহারের জি ডি গোয়েঙ্কা স্কুল, চাণক্যপুরীর দ্য ব্রিটিশ স্কুল, অরবিন্দ মার্গের দ্য মাদার্স ইন্টারন্যাশনালের মতো অভিজাত স্কুলও। ৩০ হাজার ডলার না দিলে স্কুলগুলিতে বিস্ফোরণ ঘটানো হবে বলে হুমকি দেওয়া হয়। এরপরই স্কুলগুলিতে তল্লাশি চালায় পুলিস। তবে সন্দেহজনক কিছু না মেলায় সকলেই হাঁফ ছেড়ে বাঁচেন।
Advertisement
রবিবার ছিল স্কুল বন্ধ। সোমবার সরকারি মেল খুলতেই হুমকি চোখে পড়ে স্কুল কর্তৃপক্ষের। সঙ্গে সঙ্গে স্কুলগুলির পক্ষ থেকে পড়ুয়াদের আসতে বারণ করে দেওয়া হয়। অনেক স্কুল আবার পড়ুয়াদের ফিরে যেতে নির্দেশ দেয়। ডিসিপি (সাউথ ওয়েস্ট) সুরেন্দ্র চৌধুরী বলেন, ‘হুমকি মেলের খবর পাওয়ার পরেই স্কুলগুলিতে তল্লাশি চালানো হয়। তবে সন্দেহজনক কিছুই মেলেনি। অভিভাবকদের অনুরোধ করছি, আতঙ্কিত হবেন না।’ রবিবার রাত ১১টা ৩৮ নাগাদ মেলগুলি পাঠানো হয়। লেখা হয়, ‘স্কুলের ভিতরে আমি অনেকগুলি বম্ব রেখেছি। সেগুলি খুবই ছোট। বিস্ফোরণে বিল্ডিংয়ের কোনও ক্ষতি হবে না। তবে বম্বগুলি গুরুতর জখম করার ক্ষমতা রাখে। ৩০ হাজার ডলার না দিলে অঙ্গপ্রতঙ্গ খোয়াবেন যে কেউ।’ এই হামলার পিছনে একটি নির্দিষ্ট গোষ্ঠী রয়েছে বলেও জানানো হয়। উল্লেখ্য, গত মে মাসে শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, সরকারি আবাসন সহ ২০০টি জায়গায় বোমা রাখা হয়েছে বলে ভুয়ো হুমকি মেল পাঠানো হয়। ভিপিএন ব্যবহার করে সেই মেলগুলি করা হয়েছিল। তাই প্রেরককে এখনও চিহ্নিত করা যায়নি।



