নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চিকিৎসকদের পর্যাপ্ত নিরাপত্তা সুনিশ্চিত করার পরামর্শ দিতে সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত হয়েছিল জাতীয় টাস্ক ফোর্স। সেই টাস্ক ফোর্স জানাল, চিকিৎসকদের নিরাপত্তায় বিভিন্ন রাজ্যের আইন এবং ন্যায়সংহিতার বিধানই যথেষ্ট। এজন্য কোনও পৃথক আইনের প্রয়োজন নেই। তাদের এই সুপারিশের কথা জানাজানি হতেই চিকিৎসক মহলে হইচই শুরু হয়ে গিয়েছে। সর্বভারতীয় ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) এই বিষয়ে দেশজুড়ে একটি প্রতিবাদ কর্মসূচি নেবে। পাশাপাশি নেওয়া হবে আইনি ব্যবস্থাও। মঙ্গলবার এমনই জানা গিয়েছে আইএমএ সূত্রে।



