মুম্বই, ২৭ নভেম্বর: দক্ষিণ মুম্বইয়ের ডোংরি এলাকায় একটি বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। খবর পেয়েই অকুস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। দমকল কর্মীরা জানিয়েছেন, আজ বুধবার দুপুর ১টা ১০ মিনিট নাগাদ ডোংরি এলাকার নিশানপাড়ায় অবস্থিত একটি বহুতলের ১৫ তলায় আগুন লাগার খবর পাওয়া যায়। পরে এই আগুন ছড়িয়ে পড়ে ১৪ তলাতেও। তবে দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই। আগুন লাগার পরই বিল্ডিংয়ের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। বর্তমানে আগুন পুরোপুরি না নিভলেও তা প্রায় নিয়ন্ত্রণে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, বিল্ডিংয়ের কোনও একটি ফ্ল্যাটে সিলিন্ডার বিস্ফোরণের ফলেই আগুনটি লাগে। আগুন লাগার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যাতে দেখা যাচ্ছে ওই বিল্ডিংয়ে একটি ঘর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। এই ঘটনায় আতঙ্কিত ওই এলাকার বাসিন্দারা।



