Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

দক্ষিণ দমদমে তৃণমূলের দুই গোষ্ঠীর মারপিট

দক্ষিণ দমদমে তৃণমূলের দুই গোষ্ঠীর মারপিট
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বরানগর: শনিবার রাতে দমদমের মধুগড়ে তৃণমূলের দুই গোষ্ঠীর ঝামেলায় উত্তেজনা ছড়ায়। দুই যুবককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ওই ঘটনায় শ্রীতম চট্টোপাধ্যায় ওরফে রনি এবং সানি সিং নামে দুই যুবক গুরুতর জখম হন। জানা গিয়েছে, শ্রীতম একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। জখমদের পরিবারের তরফে নাগেরবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Advertisement
জানা গিয়েছে, মধুগড় এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর আড়াআড়ি বিভাজন রয়েছে। আগেও দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে থানায় নানা অভিযোগ দায়ের করেছে। মঙ্গলবার রাতে নিত্য নামের এক যুবক তাঁর বিরোধী পক্ষের লোকেদের গালিগালাজ করে বলে অভিযোগ। তা নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়। পাল্টা হামলা চালায় অন্য গোষ্ঠী। নিত্যকে না পেয়ে তাঁর দুই বন্ধুকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। যদিও শ্রীতমের পরিবারের দাবি, রাতে সে অফিসের এক সহকর্মীর সঙ্গে যাচ্ছিল। সেই সময় দুই যুবক তাদের আটকে মদ্যপানের জন্য টাকা চায়। তারা তা দিতে অস্বীকার করায় হামলা চালানো হয়। অভিযোগ, হামলাকারীরা দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পারিষদ প্রবীর পালের অনুগামী।
সম্পর্কিত সংবাদ