Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দক্ষিণ চণ্ডীপুরে নিম্নমানের কাজের অভিযোগ, বিক্ষোভ

দক্ষিণ চণ্ডীপুরে নিম্নমানের কাজের অভিযোগ, বিক্ষোভ
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মানিকচক: ভূতনির দক্ষিণ চণ্ডীপুরে ঢালাই রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। ঠিকাদারি সংস্থা দাবি না মানায় কাজ বন্ধ করে দিয়েছেন তাঁরা।
Advertisement
রবিবার প্রায় এক ঘণ্টা ধরে বিক্ষোভ দেখান বাসিন্দারা। অভিযোগ, ঠিকাদারকে বারবার অভিযোগ করলেও কান দেননি। পাল্টা বাসিন্দাদের হুমকি দেওয়া হয়েছে।
উমেশ ঘোষ টোলায় প্রায় আড়াইশো মিটার রাস্তা বেহাল ছিল। মালদহ জেলা পরিষদের পক্ষ থেকে প্রায় ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয় কাজের জন্য।  সম্প্রতি সেটির শিলান্যাস করেছিলেন মালদহ জেলা পরিষদের তৃণমূল সদস্য জয়শ্রী মণ্ডল। কয়েকদিন আগে কাজ শুরু হওয়ার পর থেকেই ঠিকাদারকে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ জানিয়েছিলেন গ্রামবাসীরা। তারপরেও কাজ চালিয়ে যাওয়ায় এদিন ক্ষিপ্ত হয়ে বন্ধ করে দেন গ্রামবাসীরা। দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ।
স্থানীয় নগেন্দ্রনাথ মণ্ডল বলেন, ঢালাইয়ের কাজে ব্যবহৃত বালিতে মাটি মেশানো। পাথরও অতি নিম্নমানের। শিডিউল দেখতে চাইলেও দেওয়া হয়নি। ঠিকাদার এই রাস্তার কাজ করে চলে যাবে। কিন্তু আমাদের এই রাস্তায় যাতায়াত করতে হবে। এতো নিম্নমানের কাজ হলে কিছুদিনের মধ্যে ভেঙে যাবে রাস্তাটি। আমরা চাই কাজ নিয়ম মেনে করা হোক।
আরেক গ্রামবাসী গৌরাঙ্গ মণ্ডলের কথায়, প্রতিবাদ করায় ঠিকাদার সংস্থার লোক আমাদের প্রাণে মারার হুমকি দিয়েছে। বিষয়টি আমরা লিখিতভাবে জানাব প্রশাসনকে।
মালদহ জেলা পরিষদের সদস্য জয়শ্রী মণ্ডল বলেন, গ্রামবাসীদের কাছ থেকে অভিযোগ শুনেছি। তবে দলীয় কাজে বাইরে থাকায় পরিদর্শন করা হয়নি। নিম্নমানের কাজ হলে একদম বরদাস্ত করা হবে না। 
ঠিকাদার সংস্থার কর্ণধার নীরেন মাহাতো বলেন, কয়েকজন স্থানীয়দের ভুল বুঝিয়ে কাজ বন্ধ করিয়েছেন। নিয়ম অনুযায়ী সব কাজ করছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ