মেগাস্টার চিরঞ্জীবীর ছবিতে অভিনয় করবেন রানি মুখোপাধ্যায়। দ্বিতীয়বার দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করতে চলেছেন অভিনেত্রী। সদ্য ‘দসারা’ খ্যাত পরিচালক শ্রীকান্ত ওডেলার সঙ্গে জুটি বাঁধার ঘোষণা করেছেন চিরঞ্জীবী। ঘোষণা হতেই ছবি ঘিরে দর্শকমহলে আগ্রহ তুঙ্গে। আপাতত ছবির নাম রাখা হয়েছে, ‘মেগা ১৫৭’। শোনা যাচ্ছে, এই ছবিতে থাকতে পারেন রানি। ইতিমধ্যে তাঁর কাছে অফার গিয়েছে একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য। তবে চরিত্রের বিষয়ে এখনই কিছু স্পষ্ট করেননি নির্মাতারা। পুরো বিষয়টি বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে। চিত্রনাট্য শুনে নাকি অভিনেত্রীর চরিত্রটি পছন্দ হয়েছে। তবে তিনি এখনও পর্যন্ত ছবির জন্য চুক্তিবদ্ধ হননি। পাশাপাশি এখনও নির্মাতাদের তরফে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। উল্লেখ্য, এর আগে কমল হাসানের সঙ্গে ‘হে রাম’ ছবিতে কাজ করেছিলেন রানি। বর্তমানে একাধিক বলিউড অভিনেতা দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। এই সিনেমা রানির কেরিয়ারের জন্যও গুরুত্বপূর্ণ হবে বলে মত সংশ্লিষ্ট মহলের।



