নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: গত বছরের তুলনায় এবার দক্ষিণ ২৪ পরগনা জেলা বইমেলায় বই বিক্রির হার বেড়েছে। জেলা সূত্রে জানা গিয়েছে, গতবার যেখানে ৩৩ লক্ষের সামান্য বেশি টাকার বই বিক্রি হয়েছিল, সেখানে এ বছর তা ৩৫ লক্ষ টাকা ছাড়িয়েছে। তবে জেলায় সর্বকালীন বই বিক্রির রেকর্ড (৩৯ লক্ষ) এখনও অক্ষতই রয়েছে।
Advertisement
এবার বিক্রির অঙ্ক বৃদ্ধির কারণ কী? জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা জেলায় বহুদিন ধরে সরকারি গ্রন্থাগারগুলি বন্ধ ছিল। গ্রন্থাগারিক না থাকার ফলে সেগুলি চালু করা যাচ্ছিল না। সম্প্রতি রাজ্য সরকার জেলার ৪০টি লাইব্রেরির জন্য গ্রন্থাগারিক নিয়োগ করে। তাঁরা দায়িত্ব নেওয়ার পর লাইব্রেরি কমিটির সঙ্গে বৈঠক করে কী ধরনের এবং কত বই প্রয়োজন, তার তালিকা করেন। এই বইমেলায় সেই তালিকা ধরে ধরে বই কেনা হয়েছে। প্রসঙ্গত, এবার বজবজে ৪ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত জেলা বইমেলার আয়োজন করা হয়েছিল।



