নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণা। খোয়া গিয়েছে ৬৫ লক্ষের বেশি টাকা। ইতিমধ্যেই কলকাতা পুলিসের সাইবার ক্রাইম থানায় ই-মেল করে অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, অভিযোগকারী শহরে চিকিৎসা করাতে এসেছিলেন। সম্প্রতি, তাঁকে ফোন করে বলা হয়, এয়ারপোর্টে তাঁর পার্সেলে আটকে গিয়েছে। সেখানে কিছু বেআইনি নথি রয়েছে। তাঁকে গ্রেপ্তার করা হবে। মুম্বই পুলিসের এক অফিসার সেজে এক ব্যাক্তি ভিডিও কলে তাঁর সঙ্গে কথাও বলে। আধার কার্ড, প্যান কার্ডও চাওয়া হয়। সেগুলি ছবি তুলে হোয়াটস অ্যাপে পাঠান অভিযোগকারী। তারপরেই তিন দফায় দু’দিনে তাঁর ব্যাঙ্ক থেকে ৬৫ লক্ষ ৩৩ হাজার টাকা গায়েব হয়ে যায় বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম বিভাগ।



