Bartaman Logo
২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বারুইপুর হাসপাতালের পরিকাঠামো ও বাইপাসের কাজ পরিদর্শনে জেলাশাসক, গড়িয়া-শাসন রাস্তা দ্রুত শেষের আশ্বাস

বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালের পরিকাঠামো বৃদ্ধির জন্য বারুইপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আবেদন করেছিলেন বারুইপুরের রাজ্য কমিটির বিজেপির নেতা উত্তম কর।

বারুইপুর হাসপাতালের পরিকাঠামো ও বাইপাসের কাজ পরিদর্শনে জেলাশাসক, গড়িয়া-শাসন রাস্তা দ্রুত শেষের আশ্বাস
  • ২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালের পরিকাঠামো বৃদ্ধির জন্য বারুইপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আবেদন করেছিলেন বারুইপুরের রাজ্য কমিটির বিজেপির নেতা উত্তম কর। মুখ্যমন্ত্রীর নির্দেশে দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক অভিষেক তিওয়ারির কাছে আবেদনও জমা দিয়েছিলেন তিনি। এরপরে শনিবার বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখতে আসেন দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক অভিষেক তিওয়ারি। ছিলেন অতিরিক্ত জেলাশাসক সাদ্দাম নাভাস, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মুক্তি সাধন মাইতি সহ অন্যরা। পরে গড়িয়া-শাসন বারুইপুর বাইপাসের অসম্পূর্ণ কাজ শেষ করার জন্য বারুইপুর শাসনে যান জেলাশাসক। সেই কাজ দ্রুত যাতে শেষ করা যায় সেই ব্যাপারে আশ্বাস দেন তিনি।

Advertisement

বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে প্রায় দেড় ঘণ্টা ধরে প্রশাসনিক বৈঠক করেন জেলাশাসক। হাসপাতালের রোগী পরিষেবা নিয়ে খোঁজ নেন। হাসপাতালে চিকিৎসক, নার্স, কর্মী সংখ্যা বাড়ানো নিয়ে আলোচনা হয়। হাসপাতালের বেড বাড়ানো নিয়ে বলা হয়। এইচ ডি ইউ তে বেড বৃদ্ধির পাশাপাশি ২৪ বেডের হাইব্রিড সিসিইউ বিভাগ যাতে দ্রুত চালু করা যায় তা দেখার জন্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে নির্দেশ দেন জেলাশাসক। হাসপাতালে রোগীদের প্রতি নার্সদের খারাপ ব্যবহার  নিয়ে অভিযোগে ক্ষোভ প্রকাশ করেন জেলাশাসক। হাসপাতাল চত্বরে বেআইনি পার্কিং নিয়ে দেখা হবে বলে জানান অতিরিক্ত জেলাশাসক। 
 হাসপাতালে কর্মরত এজেন্সির থার্ড পার্টি গ্ৰুপ ডি কর্মীরা তাঁদের সমস্যা নিয়ে আবেদন জেলাশাসকের কাছে জমা দেন। তাঁদের অভিযোগ, ১০-১৫ বছর ধরে কাজ করলেও মাসে ৪৫০০ টাকা বেতনে তাঁদের সংসার চলছে না। এই ব্যাপারে রাজ্য সরকার দেখুক। এদিন, জেলাশাসক শাসনে গিয়ে বাইপাস অসম্পূর্ণ কাজ কীভাবে শেষ করা যায় তা দেখেন। বিজেপির রাজ্য কমিটির সদস্য উত্তম কর তাঁকে সমস্যা বুঝিয়ে বলেন। স্থানীয় বাসিন্দারা জেলাশাসকের কাছে অভিযোগ করেন , বিগত সরকার এই ব্যাপারে দেখেনি। যানজট সমস্যা কমাতে বাইপাস সম্প্রসারণ জরুরি। তাঁরা এও বলেন, বাইপাসে আলো জ্বলে না। এর ফলে অসামাজিক কাজ হচ্ছে। জেলাশাসক সমস্যা শুনে তা নিয়ে দেখবেন বলে জানান।

Advertisement
সম্পর্কিত সংবাদ