নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ফের ভাটপাড়ায় খুন। বৃহস্পতিবার রাতে মানিকপীড়ের বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মদের আসরে এক যুবককে মাথা থেঁতলে খুন করা হল। শনিবার সাতসকালে কল্যাণী এক্সপ্রেসওয়ের উচ্ছেগড় এলাকার পাশের খাল থেকে উদ্ধার হয় তাঁর ক্ষতবিক্ষত দেহ। স্থানীয় বাসিন্দারা জগদ্দল থানাকে খবর দেন। পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায়। পুলিস জানিয়েছে, খুন হওয়া ওই যুবকের নাম ইশতিয়াক কুরেশি ওরফে হীরা (৪০)। বাড়ি ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মানিকপীর এলাকায়। তাঁর একটি খাসির মাংসের দোকান রয়েছে। এছাড়া রাতে টোটো চালাতেন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ইট বা পাথরের মতো ভারী কিছু দিয়ে মাথা থেঁতলে খুন করা হয়েছে হীরাকে। নিহত যুবক এলাকায় তৃণমূল সমর্থক হিসেবে পরিচিত বলে দাবি করেছেন ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ।
তদন্তে নেমে জগদ্দল থানার পুলিশ ইতিমধ্যে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম রশিদ কলিম ওরফে পিন্টু এবং ঝন্টু মিস্ত্রি ওরফে মণ্ডল। তাঁদেরও বাড়ি মানিকপীর এলাকাতেই। খুনের পিছনে প্রোমোটিং নিয়ে বিবাদ রয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে। পুলিশ আরও জেনেছে, নিহত হীরার জমি দখল করে প্রোমোটিং করছিলেন রশিদ। কিন্তু যে পরিমাণ অংশ চাইছিলেন হীরা, কুরেশি তা দিচ্ছিলেন না তিনি। পরবর্তীতে হীরা এলাকার কয়েক জনকে নিয়ে রুখে দাঁড়ান। তখন রশিদ পিছু হটলেও হীরার উপর তাঁর আক্রোশ জন্মায়। সেই আক্রোশ থেকেই রশিদ শুক্রবার সন্ধ্যায় হীরাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে উচ্ছেগড়ের কাছে একসঙ্গে বসে মদ্যপান করেন। তারপরই রশিদ ও ঝন্টু মিলে ইট দিয়ে মাথা থেঁতলে খুন করে হীরাকে এক্সপ্রেসওয়ের ধারের খালে ফেলে পালান।
হীরার ভাই রাজা কুরেশি বলেন, আমার দাদাকে পিন্টু প্রোমোটার খুন করেছে। কঠোর শাস্তি দাবি করছি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বারাকপুরের ডিসি (উত্তর) গনেশ বিশ্বাস। তিনি বলেন, মৃতের এক আত্মীয়ের অভিযোগের ভিত্তিতে জগদ্দল থানায় একটি খুনের মামলা দায়ের হয়েছে। সেই মতো তদন্তে নেমে অভিযুক্তদের ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।