সংবাদদাতা, বনগাঁ: ভিড় ঠেলে পুজো প্যান্ডেলে পৌঁছাবেন কীভাবে? বনগাঁর প্রতিমা দর্শনার্থীদের জন্য ‘নো চিন্তা’! আপনার হাতের স্মার্ট ফোনই আপনাকে পৌঁছে দেবে পছন্দের প্যান্ডেলে। গুগল ম্যাপের সাহায্যে সঠিক পথনির্দেশ মেনে পছন্দের প্যান্ডেলে পৌঁছে যেতে পারবেন দর্শক। শুক্রবার পুজোর গাইড ম্যাপ উদ্বোধন করে এমনই দাবি বনগাঁ জেলা পুলিশের। এবছরই প্রথম এই গাইড ম্যাপের সঙ্গে একটি কিউ আর কোড চালু করা হয়েছে। সেই কোড স্ক্যান করে নিজের পছন্দের প্যান্ডেলে যাওয়ার সহজ পথ খুঁজে পাবেন দর্শনার্থীরা। শুক্রবার বনগাঁ নীলদর্পণ প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানে পুজোর গাইড ম্যাপের উদ্বোধন অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার বিদিশা কলিতা দাসগুপ্ত, অতিরিক্ত পুলিশ সুপার, রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া, স্থানীয় একাধিক বিধায়কসহ পুলিশকর্তারা। গাইড ম্যাপ উদ্বোধন করে পুলিশ সুপার জানান, এবছর শহরের ২০০টি পুজোকে গুগল ম্যাপে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিউ আর কোড স্ক্যান করে দর্শকরা নিজেদের পছন্দের প্যান্ডেলে পৌঁছাতে পারবেন। পুজোয় মাদক বিরোধী প্রচার, সাইবার প্রতারণা, বাল্যবিবাহ প্রতিরোধে প্রচার চালানো হবে বলে জানা গিয়েছে। এ বিষয়ে সব পুজো কমিটিকে এগিয়ে আসতে অনুরোধ করেছে পুলিশ প্রশাসন। এদিনের অনুষ্ঠানে মন্ত্রী অশোক কীর্তনিয়া বলেন, ‘দুর্গাপুজো যার, উৎসবও তাদেরই।’ এ বিষয়ে পুলিশ প্রশাসনকে কড়া বার্তা দেন তিনি। পুজোয় কার পাশ নিয়েও পুলিশকে কড়া পদক্ষেপ করতে বলেন মন্ত্রী।
বনগাঁর পুজো সুষ্ঠুভাবে পরিচালনা করতে একাধিক পদক্ষেপ করেছে বনগাঁ পুলিশ প্রশাসন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুজোর দিনগুলিতে শহরের যানজট নিয়ন্ত্রণে মোট সাতটি ড্রপ গেট তৈরি করা হচ্ছে। আগামী ১৪ অক্টোবর, তৃতীয়ার দিন থেকেই শহরের যানজট নিয়ন্ত্রণ করা হবে। দুপুর ১টা থেকেই যান নিয়ন্ত্রণ করবে পুলিশ। পুজোয় শব্দ নিয়ন্ত্রণেও পুলিশের পক্ষ থেকে কড়া পদক্ষেপ করা হয়েছে। জানা গিয়েছে, সম্প্রতি লাইট ও মাইক ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে মাইক ব্যবহারের সময়সীমাও বেঁধে দিয়েছে পুলিশ।



