নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে পালাবদলের একমাস কাটতে না কাটতেই পূর্ব মেদিনীপুরে দিঘায় নির্মিত জগন্নাথ মন্দির নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগের সরকারের আমলে দিঘাতে তৈরী করা হয়েছিল শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। তিনি জানান, এখন থেকে এটির নাম হবে শ্রী শ্রী জগন্নাথ মন্দির সাংস্কৃতিক কেন্দ্র। এইবার সেই নাম থেকেই ধাম শব্দটি পুরোপুরি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিলেন শুভেন্দুবাবু। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির পাঠানো একটি চিঠির প্রেক্ষিতেই এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে বর্তমান সরকার। বিজেপি সাংসদ সম্বিত পাত্র স্বয়ং ওড়িশার মুখ্যমন্ত্রীর সেই প্রস্তাব সম্বলিত চিঠি নিয়ে এসে তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্যের মুখ্যসচিবের হাতে। সেই চিঠি গ্রহণ করার পরেই এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তের কথা স্পষ্টভাবে জানান।



