Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তারাপুরে এক ফুটের অষ্টধাতুর সিংহবাহিনী পুজোয় অন্য নিয়ম

তারাপুরে এক ফুটের অষ্টধাতুর সিংহবাহিনী পুজোয় অন্য নিয়ম
  • ২১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মঙ্গল ঘোষ • পুরাতন মালদহ

Advertisement

পুরাতন মালদহ শহরের তারাপুরে প্রাচীন এক ফুটের অষ্টধাতুর সিংহবাহিনী পুজোয় নিয়ম সম্পূর্ণ আলাদা। মায়ের সঙ্গে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক গণেশ থাকেন না। মা অসুরনিধনরত অবস্থায় একা সিংহবাহিনী নামে পূজিত হন। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বিশেষ পুজো হয়। অন্ন ভোগের নিয়ম নেই। তবে, নতুন করে মায়ের প্রাণ প্রতিষ্ঠা এবং চক্ষু দান করা হয় না। কলাবউকে পুজো করার নিয়মও নেই। 
সিংহবাহিনী পুজোকে ঘিরে অনেক ইতিহাস জড়িয়ে বলে স্থানীয়রা জানিয়েছেন। জনশ্রুতি রয়েছে, প্রায় দু’শো বছর আগে স্থানীয় একটি জলাশয় থেকে ওই সিংহবাহিনী মূর্তি পাওয়া যায়। স্বয়ং মা দুর্গা সেখানকার চক্রবর্তী পরিবারকে ওই মূর্তিতে পুজো করার স্বপ্নাদেশ দেন। বসন্ত চক্রবর্তী দেবীকে তারাপুরে একটি মন্দিরে পুনরায় প্রতিষ্ঠা করেছিলেন। 
সারা বছর সিংহবাহিনী পুজো নিষ্ঠা সহকারে করা হয়। ওই মন্দিরে একটি বেদী রয়েছে। সেখানে বার্ষিক ঘট ভরা হয়। সিংহবাহিনী মন্দিরে তিন দশকের বেশি সময় ধরে পুজো করে আসছেন ওড়িশার পুরোহিত গোপীনাথ ত্রিপাঠী।
তিনি বলেন, শুনেছি মূর্তি ভেসে এসেছিল। এক রাজার মা বাইরে থেকে দুর্গাকে পুরাতন মালদহে নিতে এসেছিলেন। কিন্তু মা স্বপ্নাদেশ দিয়ে স্থানীয় চক্রবর্তী পরিবারকে পুজো করার নির্দেশ দেন। রাজা পরে পুজোর ঘট নিতে চেয়েছিলেন। সেটাও তিনি নিয়ে যেতে পারেননি। চক্রবর্তীরা পুরোহিত ছিলেন। সিংহবাহিনীর নামে অনেক কিছু দান করে চলে গিয়েছিলেন রাজা। পূর্ব পুরুষেরা মায়ের পুজো করতেন। এখন আমার কাঁধে দায়িত্ব। 
 নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ