নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: এলাকার সদর বিডিও অফিসে দীর্ঘদিন ধরে পড়ে নষ্ট হচ্ছে পিএইচইর সিল থাকা জলের পাউচ। কেন এই জলের পাউচগুলি বিডিও অফিসে আনা হয়েছিল? কেনই বা সেগুলি অফিসে ফেলে রাখা হয়েছে? এই নিয়ে উঠছে প্রশ্ন। জানা গিয়েছে, ওই পাউচগুলিতে পিএইচইর সিল থাকলেও কোনো এক্সপেয়ারি ডেটই নেই। ফলে ওই জল কবে প্যাকেটবন্দি করা হয়েছিল তা বোঝা যাচ্ছে না। এখন ওই জল খেয়ে কেউ যদি অসুস্থ হয়ে পড়েন সেক্ষেত্রে কে তার দায় নেবে? এনিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় জলপাইগুড়ি সদরের বিডিও বিপ্লবকুমার বিশ্বাসের কাছে। তাঁর দাবি, জল্পেশ তীর্থযাত্রীদের জন্যই ওই জলের পাউচগুলি এসেছে। প্রতি সোমবার ওই জল দেওয়া হয়। পাউচে এক্সপেয়ারি ডেট লেখা না থাকার অভিযোগ প্রসঙ্গে বিডিওর বক্তব্য, এটা আদৌও লেখা থাকে কি না সেটি খোঁজ নিয়ে দেখছি। অন্যদিকে, সিটুর জলপাইগুড়ি জেলা সম্পাদক শুভাশিস সরকার বলেন, এর আগেও বিডিও অফিসে গিয়ে আমরা ঘরে বস্তাবন্দি পিএইচইর জলের পাউচ পড়ে থাকতে দেখেছি। এভাবে সরকারি অর্থ অপচয়ের কারণ কী বুঝতে পারছি না।



