২০২৫-এর শুরুটা অভিনেত্রী হিসেবেই শুরু করেছিলেন দিয়া মির্জা। ‘নাদানিয়া’র মতো প্রজেক্টে তাঁর অভিনয় দেখেছেন দর্শক। তবে এবার ভূমিকা বদল। প্রায় ছ’বছর পর প্রযোজনায় ফিরছেন তিনি। ২০১১-এ ‘লভ ব্রেকআপস জিন্দেগি’ দিয়ে প্রযোজক হিসেবে দিয়ার পথ চলা শুরু। এরপরও বেশ কিছু প্রজেক্ট তৈরি করেছেন। তবে মাঝে বিরতি নিয়েছিলেন। দিয়ার কথায়, ‘খুব তাড়াতাড়ি প্রযোজনার কাজ শুরু করব। গল্পের বৈচিত্র্যের প্রতি আমার ঝোঁক থাকে সবসময়। মেয়েদের শক্তিশালী চরিত্রে দেখাতে চাই। অন্য কেউ না তৈরি করলেও আমি এই ধরনের গল্প নিয়ে কাজ করব।’ দীর্ঘ অভিনয় জীবন পেরিয়ে এসে ইদানীং অনেক ভেবেচিন্তে চরিত্র বাছাই করেন অভিনেত্রী। বরং প্রযোজনাতেই এখন বেশি মন দিতে চান বলে জানিয়েছেন দিয়া।



