অমৃতসর: স্বর্ণমন্দিরে পাঞ্জাবের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের উপর হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই হামলাকারী খালিস্তানি জঙ্গি নারায়ণ সিং চৌরাকে গ্রেপ্তার করেছে পুলিস। বিষয়টি জানতে পেরে হতবাক নারায়ণের স্ত্রী। তাঁর বক্তব্য, এব্যাপারে তিনি কিছুই জানতেন না। এমনকী স্বামী কোথায় থাকেন, কী করেন, তাও তাঁর অজানা বলে দাবি করেছেন ওই প্রৌঢ়া। এদিকে, বাদলের প্রাণ বাঁচিয়ে হিরোর মর্যাদা পাচ্ছেন পাঞ্জাব পুলিসের অ্যাসিস্ট্যান্ট সাব ইনসপেক্টর যশবীর সিং। তাঁর তৎপরতার কারণেই নারায়ণ বাদলের দিকে বন্দুক তাক করলেও গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। ধৃত ওই জঙ্গি মতলব টের পেয়ে সতর্ক ছিলেন তিনি। ঘটনা প্রসঙ্গে যশবীর জানিয়েছেন, ‘আগেই ঊর্ধ্বতন কর্তারা সাবধান করে বলেছিলেন, কোনও ভুল-ভ্রান্তি যেন না হয়। সেইমতো সমস্ত নিয়মনীতি মেনে সকলের উপর কড়া নজর রাখছিলাম। দরবার সাহিবে কোনও ভক্তকে তল্লাশি করা যায় না। তাই যখন নারায়ণ ওখানে আসেন, আমি সতর্ক ছিলাম। দেখেই সব বোঝা যাচ্ছিল। তাঁর হাত থেকে বন্দুক ছিনিয়ে গ্রেপ্তার করা হয়েছে।’



