নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: নরেন্দ্রপুরে ছেলেকে খুন করার অভিযোগে ধৃত মাকে রবিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। সওয়াল জবাবের পর বিচারক তনুজা মণ্ডল নামের ওই মহিলাকে চারদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন। এদিকে, শনিবার নিজের আট বছরের ছেলেকে খুন করার খবর চাউর হতেই পাড়া-প্রতিবেশীরা ধৃতের বিরুদ্ধে তাঁর ছোট ছেলেকেও খুন করার বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তাঁরা জানান, কয়েক বছর আগে ছোট ছেলের অস্বাভাবিক মৃত্যু হয়। তখন তার বয়স ছিল মাত্র দেড় বছর। সম্ভবত তনুজাই তাকে শ্বাসরোধ করে খুন করেছিল। এর সত্যতা যাচাই করতে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিস। প্রতিবেশীদের আনা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে তনুজা। অভিযুক্ত জানিয়েছে, কম্বল চাপা পড়ে মৃত্যু হয়েছিল ছোট ছেলের। ওটা ছিল দুর্ঘটনা। পরিবারের সদস্যের সঙ্গে এ নিয়ে কথা বলছেন তদন্তকারীরা। অভিযুক্ত যাই দাবি করুক না কেন, ছোট ছেলের মৃত্যুও রহস্যজনক বলে পুলিসের একাংশের দাবি। এদিকে, এই খুনের ঘটনার পর থেকেই চুপচাপ হয়ে গিয়েছে তনুজা। থানায় নিয়ে গিয়ে তাকে জেরা করা হলেও বেশিরভাগের প্রশ্নেরই উত্তর দিচ্ছে না সে।



