নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগে ধৃত সঙ্গীতশিল্পী সঞ্জয় চক্রবর্তীর বিরুদ্ধে ১৭ দিনের মাথায় চার্জশিট জমা দিল চারু মার্কেট থানার পুলিস। বৃহস্পতিবার আলিপুরের বিশেষ পকসো আদালতের বিচারক রিম্পা রায়ের এজলাসে তদন্তকারী পুলিস অফিসার ওই চার্জশিট পেশ করেন। সরকারি আইনজীবী মাধবী ঘোষ বলেন, ‘পকসো আইনের দু’টি ধারায় চার্জশিট দেওয়া হয়েছে। চার্জ গঠন প্রক্রিয়া শেষ হলেই শুরু হবে বিচারপর্ব। এই মামলায় ইতিমধ্যেই আলিপুরের একজন বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে ওই ছাত্রী গোপন জবানবন্দি দিয়েছে।’ এদিকে, জেল হেফাজতে থাকা অভিযুক্তকে এদিন আলিপুরের বিশেষ পকসো আদালতে হাজির করা হয়। সেখানে সরকারি আইনজীবী ওই সঙ্গীতশিল্পীর জামিনের বিরোধিতা করেন। তিনি বলেন, ঘটনাটি স্পর্শকাতর, তাই জামিনের আবেদন নাকচ করা হোক। অন্যদিকে, ধৃতের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা সহ আইনজীবীরা বলেন, এই মামলায় যেহেতু চার্জশিট হয়ে গিয়েছে, তাই নতুন করে তদন্তের কিছু নেই। যে কোনও শর্তে অভিযুক্তকে জামিন দেওয়া যেতে পারে। বিচারক মামলার নথি ও কেস‑ডায়েরি খতিয়ে দেখে অভিযুক্তকে অন্তর্বর্তী শতার্ধীন জামিনে মুক্তি দেন। উল্লেখ্য, সম্প্রতি ওই সঙ্গীত শিল্পীকে পুলিস মুম্বই থেকে গ্রেপ্তার করে। এদিকে, অন্য একটি পকসো মামলায় ভাইঝিকে যৌন নির্যাতনের অভিযোগে ধৃত বিকাশ মিশ্রের জামিনের আর্জি খারিজ করে দিয়েছে আদালত। এদিন আলিপুরের পকসো আদালত অভিযুক্তকে ৩০ নভেম্বর পর্যন্ত পুলিস হেফাজতে রাখার নির্দেশ দেয়। এদিন সরকার পক্ষের আইনজীবী নির্যাতিতার মেডিকো লিগ্যাল পরীক্ষার আর্জি জানান। বিচারক সেই আর্জি মঞ্জুর করেছেন। প্রসঙ্গত, অভিযুক্ত বিকাশ মিশ্র কয়লা পাচারে অভিযুক্ত।



