নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সি গ্রেপ্তারের পর থেকেই পুলিসের নজরে ছিলেন তার শ্যালক তথা শাল বিক্রেতা গুলাম মহম্মদ। এবার তাঁকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হল। জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় ক্যানিং থানায় তলব করা হয়েছিল ওই কাশ্মীরি বাসিন্দাকে। কেন এসেছিল জাভেদ, কী উদ্দেশ্য ছিল, কার সঙ্গে যোগাযোগ তার রয়েছে ইত্যাদি জানতে চাওয়া হয় গুলামের কাছে। ঘণ্টাখানেক ধরে চলে জিজ্ঞাসাবাদ। পরে ছেড়ে দেওয়া হয় তাঁকে। শাল বিক্রেতা বাইরে এসে বলেন, এখানে ঘুরতে এসেছিল জাভেদ। এর বেশি কিছু তাঁর জানা নেই। জঙ্গি কার্যকলাপের সঙ্গে তাঁর জামাইবাবু যুক্ত বলে তিনি জানতেন না। জানলে তাকে এখানে ঢুকতেই দিতেন না। তবে তাঁকে আগামী দিনে ফের থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গিয়েছে।



