মুম্বই: ভাইরাস আতঙ্কে সোমবার ধস নামল ভারতের শেয়ার বাজারে। এদিন ১ হাজার ২৫৮ পয়েন্ট বা ১.৫৯ শতাংশ হ্রাস পেল বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সূচক সেনসেক্স। ফলে তা নেমে এসেছে ৭৮ হাজারের নীচে। বাজার বন্ধ হওয়ার সময় সূচক ছিল ৭৭ হাজার ৯৬৪ পয়েন্ট। অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) সূচক নিফটি ৩৮৮ পয়েন্ট বা ১.৬২ শতাংশ হ্রাস পেয়ে দিনের শেষে থিতু হয় ২৩ হাজার ৬১৬ অঙ্কে। বিশেষজ্ঞদের মতে, এইচএমপিভি ঘিরে উদ্বেগের জেরে ঘরোয়া লগ্নিকারীদের মধ্যে শেয়ার বিক্রির ধুম পড়ে যায়। যার ফলে সূচকে ধস নামে। নিফটি মিডক্যাপ ১০০ সূচক এদিন ২.৭০ শতাংশ হ্রাস পেয়েছে। অন্যদিকে, ৩.২০ শতাংশ পড়ে গিয়েছে নিফটি স্মলক্যাপ ১০০ সূচকটি।



