Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ধর্না-মিটিং-মিছিলে সরকারি সম্পত্তি ধ্বংস হলে কড়া ব্যবস্থা নেবে হাইকোর্ট

ধর্না-মিটিং-মিছিলে সরকারি সম্পত্তি ধ্বংস হলে কড়া ব্যবস্থা নেবে হাইকোর্ট
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ধর্না, মিটিং, মিছিল কিংবা সভা করা যেতেই পারে। কিন্তু সেসব কর্মসূচিতে সরকারি সম্পত্তি নষ্ট করলে কড়া পদক্ষেপের মুখে পড়তে হবে। শুধু তাই নয়, সরকারি কর্মীদের উপর হামলা হলে ভবিষ্যতে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দিল কলকাতা হাইকোর্ট।
Advertisement
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে কলকাতায় কর্মসূচি করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ‘খোলা হাওয়া’ নামে একটি সংগঠন। আগামী ৫ ডিসেম্বর রানি রাসমণি অ্যাভিনিউয়ে ধর্নায় বসতে চায় তারা। দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই কর্মসূচিতে পুলিস অনুমতি না দেওয়ায় আদালতের দ্বারস্থ হতে হয় তাদের। মঙ্গলবার সেই আবেদনের প্রেক্ষিতে সব পক্ষের বক্তব্য শোনার পর ধর্না কর্মসূচির অনুমতি দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কিন্তু একই সঙ্গে মামলাকারীকে সতর্ক করে বিচারপতির মন্তব্য, ‘কর্মসূচি করুন। কিন্তু জনগণের দৃষ্টি আকর্ষণের জন্য সরকারি সম্পত্তি নষ্ট করা যাবে না। তেমনটা করা হলে আদালত পদক্ষেপ করবে।’ সরকারি কর্মীদের উপর হামলা হলেও একইভাবে আদালত ব্যবস্থা নেবে বলেও সাফ জানিয়ে দিয়েছেন বিচারপতি।
সাম্প্রতিক অতীতে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি থেকে সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ উঠেছে। পুলিসের গাড়িতে ভাঙচুর বা আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনাও বিরল নয়। কখনও আবার সরকারি অফিসে ভাঙচুর চালানোর অভিযোগও উঠেছে। সম্প্রতি বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের অফিসের সামনে একটি কর্মসূচিকে কেন্দ্র করে এক পুলিস অফিসার জখম হয়েছেন। এই ধরনের ঘটনা এড়াতে কড়া পদক্ষেপের কথা জানিয়ে দিয়েছেন বিচারপতি ঘোষ। তিনি আরও বলেছেন, ‘এরকম ঘটনা ঘটলে ভবিষ্যতে আদালতে বন্ড জমা রেখে কর্মসূচির অনুমতি আদায় করতে হবে।’ 
সম্পর্কিত সংবাদ