Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ধানতলায় উদ্ধার বিপুল পরিমাণ ভেজাল হলুদ, গ্রেপ্তার ১

ধানতলায় উদ্ধার বিপুল পরিমাণ ভেজাল হলুদ, গ্রেপ্তার ১
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: ফের ভেজাল ধরতে হানা পুলিসের। আর তাতে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ভেজাল হলুদ এবং ক্ষতিকর রাসায়নিক। শান্তিপুরের পর এবার অভিযানে সাফল্য পেল ধানতলা থানার পুলিস। ভেজাল হলুদ তৈরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে কারখানার মালিককে। মাত্র কয়েকদিন আগেই শান্তিপুর থেকে প্রায় ২২০০ কেজি ভেজাল হলুদ উদ্ধার করে পুলিস। এছাড়াও, জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অভিযানে হাঁসখালিতেও ভেজাল হলুদ তৈরির কারখানার হদিশ মিলেছিল। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ধানতলা থানার আড়ংঘাটা বাবুপাড়া এলাকায় একটি কারখানায় ভেজাল হলুদ তৈরি হচ্ছিল। সেখানে চালের গুঁড়োর সঙ্গে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক এবং রং মিশিয়ে তৈরি করা হচ্ছিল ভেজাল হলুদ। আড়ংঘটা হাটপাড়া এলাকার বাসিন্দা দীপঙ্কর হালদার ওরফে বাপ্পা দীর্ঘদিন ধরেই ওই ভেজাল হলুদ তৈরির কারবার চালাচ্ছিল। গোপন সূত্রে সেই খবর পেয়ে এদিন হানা দেয় ধানতলা থানা এবং আড়ংঘাটা ফাঁড়ির একটি বিশেষ দল। অভিযানে প্রায় ৩৮০ কেজি ভেজাল হলুদগুঁড়ো, ১০০ কেজি চালের গুঁড়ো, ১১ কেজি ধনে গুঁড়ো, ৪৪ কেজি ভাজা চাল, ৫১ কেজি রং, ৩৭ কেজি আসল হলুদ উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরে সেই কারখানায় বিভিন্ন পদ্ধতিতে ভেজাল হলুদ তৈরি করে বাজারজাত করা হচ্ছিল। বিষয়টি নিয়ে রানাঘাট জেলা পুলিসের ডেপুটি সুপার(সীমান্ত) সোমনাথ ঝা বলেন, দীর্ঘদিন ধরে দীপঙ্কর ওখানে কারখানায় ভেজাল হলুদ তৈরি করছিল। খবর পেয়েই আমরা অভিযান চালাই। বিভিন্ন পদ্ধতিতে ওই ভেজাল হলুদ তৈরি হচ্ছিল। খুব সামান্য পরিমাণে আসল হলুদের সঙ্গে অধিকাংশই চালের গুঁড়ো, ধনের গুঁড়ো আর রং মিশিয়ে তৈরি হচ্ছিল হলুদ। আমরা একজনকে গ্রেপ্তার করেছি। 
সম্পর্কিত সংবাদ