Bartaman Logo
২৭ মে, ২০২৬

ধনকারের বিরুদ্ধে বিরোধীদের ‘ইমপিচমেন্ট নোটিস’ খারিজ

ধনকারের বিরুদ্ধে বিরোধীদের ‘ইমপিচমেন্ট নোটিস’ খারিজ
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি: উপ রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান পদ থেকে জগদীপ ধনকারকে সরাতে চেয়ে বিরোধীদের আনা ইমপিচমেন্ট নোটিস খারিজ হয়ে গেল। বৃহস্পতিবার এবিষয়ে রায় ঘোষণা করেছেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ। ওই রায়ে বলা হয়েছে, বিরোধীদের এই পদক্ষেপে ‘অনুচিত’ ও ‘ভ্রান্তিপূর্ণ’। শুধুমাত্র উপ রাষ্ট্রপতির ভাবমূর্তি খর্ব করার লক্ষ্যে তড়িঘড়ি ওই নোটিস আনা হয়। উল্লেখ্য, ধনকারের বিরুদ্ধে ‘পক্ষপাতিত্বে’র অভিযোগে তৃণমূল কংগ্রেস সহ বিরোধী শিবিরের তরফে এই ইমপিচমেন্ট নোটিস আনা হয়েছিল। স্বাক্ষরকারী ৬০ বিরোধী সাংসদের অভিযোগ ছিল, সদন পরিচালনার কাজে নিরপেক্ষতার অভাবের কারণে রাজ্যসভার চেয়ারম্যানের উপর তাঁরা আস্থা রাখতে পারছেন না। 
Advertisement
ইমপিচমেন্ট নোটিস নিয়ে ডেপুটি চেয়ারম্যানের রায় এদিন সদনে পেশ করেন রাজ্যসভার সেক্রেটারি জেনারেল পি সি মোদি। ডেপুটি চেয়ারম্যান হরিবংশ তাঁর রায়ে বলেছেন, দেশের বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানকে খাটো করা ও বর্তমান উপ রাষ্ট্রপতির ভাবমূর্তি খর্ব করতে ছক কষা হয়েছে। এই ইমপিচমেন্ট নোটিসটি তারই অংশ। এধরনের প্রস্তাবের জন্য অন্তত ১৪ দিন আগে নোটিস দিতে হয়। এক্ষেত্রে তা করা হয়নি। নোটিসটিতে ঠিকানা নেই, প্রস্তাবনা ঠিকভাবে নেই এমনকী ধনকারের নামের বানান পর্যন্ত ভুল ছিল। তবে গত ১০ ডিসেম্বর পেশ হওয়া নোটিসে নিয়ম মেনে অন্তত ৬০ জন সাংসদের স্বাক্ষর ছিল। 
উল্লেখ্য, ইমপিচমেন্ট নোটিস খোদ তাঁর বিরুদ্ধেই হওয়ায় এবিষয়ে সিদ্ধান্তগ্রহণের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন ধনকার। ফলে সেই ভার উঠেছিল ডেপুটি চেয়ারম্যান হরিবংশের উপর। 
সম্পর্কিত সংবাদ