নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পরিবেশবান্ধব জলপথ পরিবহণে নয়া দিগন্ত খুলে যেতে চলেছে। ক্রমবর্ধমান দূষণে মানবজাতি আজ বিপন্ন। এই আবহে বিশ্বজুড়েই পরিবেশবান্ধব যানবাহনকে বাড়তি গুরুত্ব ও অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বাস, গাড়ি, আটো সহ সড়কপথের একাধিক যানবাহন ইলেকট্রিক চালিত করা হচ্ছে। রাস্তায় চলতেও দেখা যাচ্ছে বহু বৈদ্যুতিন যান। এবার জলযানের ক্ষেত্রেও এমন পরিবর্তন আনা হচ্ছে। দূষণহীন ই-ভেসেল তৈরি করতে উদ্যোগী হয়েছে পরিবহণ দপ্তর। দপ্তরের অধীন গার্ডেনরিচ শিপ ইয়ার্ড এই ইলেকট্রিক জলযান তৈরি করবে। রাজ্য সরকার এই ধরনের ১৩টি ই-ভেসেল তৈরির ওয়ার্ক অর্ডার দিয়েছে। ৩০০ কোটি টাকা খরচে তৈরি হবে এই অত্যাধুনিক যান। আড়াই বছরের মধ্যে ১৩টি চার্জিং স্টেশন সহ এই ভেসেলগুলি তৈরি করবে শিপ ইয়ার্ড। ভেসেলগুলি মূলত কলকাতার বাবুঘাট, দক্ষিণেশ্বর, বেলুড় মঠ সহ কয়েকটি জেটিঘাট থেকে চলাচল করবে। সম্প্রতি কলকাতার আর এন মুখার্জি রোডে পরিবহণ ভবনে এ সংক্রান্ত চুক্তি স্বারক্ষিত হয়েছে। সেখানে হাজির ছিলেন বিভাগীয় মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, সচিব সৌমিত্র মোহন সহ উচ্চপদস্থ কর্তারা। পরিবহণমন্ত্রী বলেন, ‘আমরা দূষণ নিয়ন্ত্রণে বদ্ধপরিকর। রাজপথের যান যন্ত্রণা থেকে জনতাকে মুক্তি দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের জলপথ পরিবহণ ব্যবস্থা ঢেলে সাজার নির্দেশ দিয়েছেন। সেই মতো আমরা ই-ভেসেল তৈরি করতে চলেছি।’ স্নেহাশিসবাবু আরও বলেন, ‘সেই সঙ্গে জেটিঘাটগুলির আমূল সংস্কার চলছে। যাত্রী স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা রক্ষায় বাড়তি পদক্ষেপ করা হচ্ছে।’



