Bartaman Logo
২৭ মে, ২০২৬

ধড় থেকে বিচ্ছিন্ন মুণ্ড, দেরাদুনে ভয়াবহ পথ দুর্ঘটনায় ৬ বন্ধুর মৃত্যু

ধড় থেকে বিচ্ছিন্ন মুণ্ড, দেরাদুনে ভয়াবহ পথ দুর্ঘটনায় ৬ বন্ধুর মৃত্যু
  • ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
দেরাদুন: শিউরে ওঠার মতো পথ দুর্ঘটনা। নাইট পার্টি সেরে ফেরার পথে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল সদ্য কেনা এসইউভি। দুর্ঘটনার পর উড়ে যায় গাড়িটির ছাদও। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ বন্ধুর। তাঁদের মধ্যে একজনের ধড় থেকে মুণ্ড পৃথক হয়ে যায়। গত ১২ নভেম্বর রাত দেড়টা নাগাদ দুর্ঘটনা ঘটেছিল উত্তরাখণ্ডের দেরাদুনের ওএনজিসি চকে। পুলিস জানিয়েছে, সাত বন্ধু মিলে রাতে পার্টি সেরে ফিরছিল। রাস্তায় একটি গাড়ির সঙ্গে রেস করতে গিয়েই ঘটে বিপত্তি। রেষারেষি করতে গিয়ে সামনে দিক থেকে আসা একটি ট্রাকে ধাক্কা মারে এসইউভিটি। গাড়ির মধ্যেই ছ’জনের মৃত্যু হয়। দু’জন গাড়িতে দলাপাকানো অবস্থায় আটকে ছিলেন। একজনের ধড় থেকে মাথা পৃথক হয়ে যায়। দেহের বিভিন্ন অংশ রাস্তাতেই ছড়িয়ে-ছিটিয়ে ছিল বলে পুলিসের দাবি। মৃতরা হলেন কুণাল কুকরেজা (২৩), অতুল আগরওয়াল (২৪), ঋষভ জৈন (২৪), নভ্য গোয়েল (২৩), কামাক্ষ্মী (২০) এবং গুনীত (১৯)। ভয়াবহ দুর্ঘটনায় একমাত্র জীবিত ২৫ বছরের সিদ্ধেশ্বর আগরওয়াল। তাঁর জন্মদিনের পার্টি থেকেই ফিরছিলেন সকলে। তিনিও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পুলিসের দাবি, সাত বন্ধুই মদ্যপ অবস্থায় ছিলেন। মদ্যপ অবস্থায় গাড়িটি চালাচ্ছিলেন চালকও। মৃতদের প্রত্যেকের বাড়ি দেরাদুন ও হিমাচল প্রদেশে। ওই রাতে তাঁরা কোথা থেকে জন্মদিনের পার্টি সেরে ফিরছিলেন তা পরিস্কার নয়। ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
Advertisement
সম্পর্কিত সংবাদ