নিজস্ব প্রতিনিধি, বারাসত: বাড়ির বারান্দা ফাঁকা ছিল, ভিতরের ঘর তালাবন্ধ। চুরি করতে এসে বারান্দায় থাকা একটি জামার পকেট থেকে বিড়ি, দেশলাই ও নগদ ২০০ টাকা নিয়ে পালিয়ে গেল চোরেরা। শুধু তাই নয়, অন্য একটি বাড়ি থেকে মুড়ি চুরি করে ছাদে চালাল খাওয়া-দাওয়া। বুধবার রাতে এমনই অভিনব চুরির ঘটনা ঘটল দেগঙ্গার বেড়াচাঁপা ১ পঞ্চায়েতের বেড়াচাঁপা-পৃথিবা রোডের কাহারপাড়ায়।
Advertisement
একই রাতে একই পঞ্চায়েতের তিনটি বাড়িতে পরপর চুরি হল। তার মধ্যে একটি বাড়ির মালিক সমীর কাহার বলেন, আমার স্ত্রী বাড়িতে ছিলেন। কিন্তু রাতে তাঁর ঘুম ভাঙেনি। সকালে উঠে দেখেন ঘর লণ্ডভণ্ড। চুরি গিয়েছে সোনা, রুপোর গয়না ও নগদ টাকা। চোরেরা সম্ভবত কিছু স্প্রে করে তাঁকে অচৈতন্য করে দেয়। চুরি হয়েছে প্রতিমা কাহারের বাড়িতেও। তিনি বলেন, বাড়ির চিলেকোটা দিয়ে ঘরে ঢোকে চোর। আলমারি ভাঙার চেষ্টা করে। ঘরের বিছানার পাশে রাখা মুড়ির প্যাকেট ছাদে নিয়ে গিয়ে খেয়েছে। ঘুমের কিছু স্প্রে করে আমাদের বাড়ি থেকে চুরি করেছে দুষ্কৃতীরা। নমিতা কাহারের বাড়িতেও চুরি হয়েছে। তিনি বলেন, ঘরের বারান্দায় স্বামীর জামার পকেটে থাকা নগদ ২০০ টাকা ও বিড়ি-দেশলাই চুরি করে নিয়ে গিয়েছে চোর। পুলিস জানিয়েছে, চুরির ঘটনার তদন্ত শুরু হয়েছে।



