নিজস্ব প্রতিনিধি, বারাসত: অগ্নিকাণ্ডের জেরে ছাই হয়ে গেল বন্ধ একটি কাঠ মিল। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে দেগঙ্গার চাঁপাতলা পঞ্চায়েতের কেয়াডাঙা জামতলা এলাকায়। দমকলের একটি ইঞ্জিন প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জামতলা এলাকার এই কাঠ মিলটি গত ১০ বছর ধরে বন্ধ। মিলের মধ্যে কিছু কাঠ, পাটকাঠি ও বিচুলি রাখা ছিল। সোমবার সন্ধ্যায় পরিত্যক্ত মিলে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে অবশ্য পুড়ে ছাই হয়ে গিয়েছে মিলটি।



