সংবাদদাতা, কাঁথি: পৌষের শেষে মকর সংক্রান্তির পুণ্যলগ্নে সোমবার দীঘা ও শঙ্করপুর সমুদ্র উপকূলে সাড়ম্বরে গঙ্গোৎসব ও মেলার সূচনা হল। মঙ্গলবার কাঁথির শৌলা ও জুনপুট উপকূলেও এই উৎসবের সূচনা হবে। এসময় দীঘা সহ অন্য উপকূলে পুণ্যস্নানের জন্য লক্ষ লক্ষ মানুষ ভিড় জমাবেন, সেইসঙ্গে মা গঙ্গার আরাধনা হবে। সমুদ্রে মকরস্নান করে গঙ্গাপুজো দিয়ে মেলা দেখে বাড়ি ফিরবেন পুণ্যার্থীরা। জমজমাট গঙ্গোৎসব ও মেলায় উপকূলের মৎস্যজীবী সহ সর্বস্তরের মানুষ আনন্দে মেতে ওঠেন। মেলায় প্রচুর দোকানপাট, বিনোদনের সামগ্রী বসেছে। উৎসব উপলক্ষে উদ্যোক্তারা নানা সামাজিক কর্মসূচি নিতে চলেছেন। মকর সংক্রান্তির পুণ্যস্নান নির্বিঘ্ন করতে ও অতিরিক্ত ভিড় সামাল দিতে পুলিসের তৎপরতা তুঙ্গে। রবিবার থেকেই দীঘা সহ অন্য সৈকতে বাড়তি পুলিস ও সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হয়েছে।
Advertisement
সোমবার দীঘায় গঙ্গোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, রামনগর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাইচরণ সার সহ অন্যরা উপস্থিত ছিলেন। শোভাযাত্রা সহ সমুদ্র-আরতির মাধ্যমে গঙ্গাদেবীর ঘটোত্তোলন হয়। দক্ষিণ ভারতের একটি মন্দিরের আদলে ৯০ফুট উঁচু মণ্ডপ, প্রতিমা ও আলোকসজ্জা দর্শনার্থীদের নজর কেড়েছে। মেলায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকরাও ভিড় জমিয়েছেন। ২০জানুয়ারি পর্যন্ত বিভিন্ন দিনে আন্তঃজেলা কবাডি প্রতিযোগিতা, রক্তদান শিবির, সমুদ্রে অথবা দুর্ঘটনায় মৃত, নিখোঁজ বা জখম মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য প্রভৃতি কর্মসূচি রয়েছে। বিশেষ আকর্ষণ সি’ফুড ফেস্টিভ্যাল। সেখানে চেনা-অচেনা নানা সামুদ্রিক মাছ চেখে দেখার সুযোগ রয়েছে। বিভিন্ন দিনে মঞ্চ মাতাবেন কলকাতা ও মুম্বইয়ের নামী শিল্পীরা।
রবিবার শঙ্করপুর ফিশারমেন অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে গঙ্গোৎসব উদ্বোধন হয়। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রী, প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারানো কিংবা নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য করা হয়। ২১ জানুয়ারি পর্যন্ত শঙ্করপুরে গঙ্গোৎসব উপলক্ষ্যে বিচিত্রানুষ্ঠান হবে।
শৌলা ফিশারমেন অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পরিচালনায় মঙ্গলবার গঙ্গোৎসবের সূচনা হচ্ছে। ১৯ জানুয়ারি পর্যন্ত রক্তদান শিবির, যাত্রা, বিচিত্রানুষ্ঠান প্রভৃতি হবে। মঙ্গলবার থেকে জুনপুটেও পৌষ সংক্রান্তি মেলা কমিটির পরিচালনায় চারদিনব্যাপী জমজমাট মেলা শুরু হচ্ছে। সেখানেও যাত্রা, বিচিত্রানুষ্ঠান হবে। খেজুরির পাঁচুড়িয়ার প্রাচীন ভীমেশ্বরী মন্দির প্রাঙ্গণে মঙ্গলবার থেকে গঙ্গোৎসব উপলক্ষে বড় মেলা বসবে।-নিজস্ব চিত্র