Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ধর্মতলায় বিক্ষোভ চাকরিহারা যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবি

দ্বিতীয় এসএলএসটি দিয়ে ইন্টারভিউয়ে ডাক না পাওয়া শিক্ষক এবং কর্মহীন শিক্ষাকর্মীদের মিছিলে শুক্রবার স্তব্ধ ধর্মতলা।

ধর্মতলায় বিক্ষোভ চাকরিহারা যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবি
  • ৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দ্বিতীয় এসএলএসটি দিয়ে ইন্টারভিউয়ে ডাক না পাওয়া শিক্ষক এবং কর্মহীন শিক্ষাকর্মীদের মিছিলে শুক্রবার স্তব্ধ ধর্মতলা। শিয়ালদহ থেকে শহরের প্রাণকেন্দ্র ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে মিছিল করে আসেন কয়েক হাজার কর্মচ্যুত শিক্ষক ও শিক্ষাকর্মী। বেশ কিছুক্ষণ অবরোধ করেন রানি রাসমণি অ্যাভিনিউ ক্রসিং। এর ফলে থমকে যায় যান চলাচল। সন্ধ্যার দিকে লালবাজারে তুলে নিয়ে যাওয়া হয় বিক্ষোভকারীদের।

Advertisement

যোগ্য শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী এবং অনশন মঞ্চের (এসএসসি) ব্যানারে এদিন বিক্ষোভ কর্মসূচি হয়। সুপ্রিম কোর্টের নির্দেশে নন-টেন্টেড যে শিক্ষকরা দ্বিতীয়বার পরীক্ষা দিয়েও ইন্টারভিউয়ে ডাক পাননি, তাঁদের ৩১ আগস্ট চাকরির মেয়াদ শেষ হচ্ছে। তাঁরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের দাবি জানিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁদের বক্তব্য, আগের সরকার তাঁদের প্রতি সহানুভূতিশীল ছিল। কোনো যোগ্যকেই বঞ্চিত করা হবে না, এমন মৌখিক আশ্বাস দিয়েছিল। সে রকম আশ্বাসের দাবিতে এবং অবিলম্বে তাঁদের চাকরিতে নিয়োগের দাবিতে সোচ্চার হন তাঁরা। তাঁদের বক্তব্য, সুপ্রিম কোর্টে যেহেতু যোগ্য-অযোগ্যের ভাগ স্পষ্ট হয়ে গিয়েছে, তাই যোগ্যদের সরাসরি নিয়োগ করতে হবে। এর পাশাপাশি শিক্ষাকর্মীদের বক্তব্য, আদালত তাঁদের কারও চাকরির মেয়াদ বাড়াতে সম্মত হয়নি। ফলে চাকরি বাতিলের পর থেকেই বেতন পাচ্ছেন না তাঁরা। এর ফলে সংসার চলছে না। শিক্ষক-শিক্ষাকর্মী নির্বিশেষে অনেকের মৃত্যু হয়েছে। তা সত্ত্বেও শিক্ষাকর্মীদের লিখিত পরীক্ষার ফলপ্রকাশ এখনও করতে পারেনি এসএসসি। ফলে এ বছরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে না বলেই তাঁদের আশঙ্কা। সেই কারণে সরকারকে চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে তাঁদের তরফে। যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে চিন্ময় মণ্ডল এবং অন্যান্য নেতারা বিক্ষোভস্থল থেকে আটক হন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ