Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

মিনিবাসের রেষারেষিতে বেলঘরিয়ায় গুরুতর জখম ডেলিভারি বয়, চালককে মার

লক্ষ্মীপুজোর সকালে ভিড়ে ঠাসা রাস্তায় দু’টি মিনিবাসের রেষারেষি। এর জেরে নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কায় গুরুতর জখম হলেন ডেলিভারি বয়। সোমবার দুপুরে বেলঘরিয়া রেলওয়ে ওভারব্রিজের অদূরে এম বি রোডের উপর এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকাবাসীর ক্ষোভ চরমে ওঠে

মিনিবাসের রেষারেষিতে বেলঘরিয়ায় গুরুতর জখম ডেলিভারি বয়, চালককে মার
  • ৭ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: লক্ষ্মীপুজোর সকালে ভিড়ে ঠাসা রাস্তায় দু’টি মিনিবাসের রেষারেষি। এর জেরে নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কায় গুরুতর জখম হলেন ডেলিভারি বয়। সোমবার দুপুরে বেলঘরিয়া রেলওয়ে ওভারব্রিজের অদূরে এম বি রোডের উপর এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকাবাসীর ক্ষোভ চরমে ওঠে। বাস চালককে মারধরের পাশাপাশি বাসেও ভাঙচুর চালানো হয়। গুরুতর জখম যুবকের নাম তন্ময় বসু (৩৬)। তাঁর বাড়ি হালিশহর। পুলিশ বাসটিকে আটক করার পাশাপাশি চালকেও গ্রেফতার করেছে।

Advertisement

বেলঘরিয়া থেকে নিমতা সংযোগকারী এম বি রোডে যানজট লেগেই থাকে। রাস্তার দুই দিকে বহু জায়গায় দোকান ও বাজার বসে। লক্ষ্মীপুজোর দিন রাস্তায় যথেষ্ট ভিড় ছিল। এদিন দুপুরে বেলঘরিয়ার দিক থেকে এম বি রোড ধরে বাইকে নিমতা বাজারের দিকে যাচ্ছিলেন তন্ময় বসু। তিনি অনলাইন ডেলিভারি সংস্থার কর্মী। ওই সময় নিমতা বাজারের দিক থেকে নিমতা-হাওড়া মিনিবাস বেলঘরিয়ার দিকে আসছিল। এলাকাবাসীর অভিযোগ, পরপর দুটি বাস রেষারেষি করে ছুটছিল। বেলঘরিয়া পূর্বপাড়া লাগোয়া এম বি রোডের বাঁ দিক ধরে যাচ্ছিলেন তন্ময়। উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর ডান দিকে চেপে তন্ময়ের বাইকে মুখোমুখি ধাক্কা মারে। বাইকটি বাসের চাকার নীচে ঢুকে যায়। রাস্তায় ছিটকে পড়ায় যুবকের মাথায় গুরুতর চোট লাগে। কান দিয়ে রক্ত পড়তে শুরু করে। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে বেলঘরিয়ার একটি নার্সিংহোমে ভর্তি করেন। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার নার্সিংহোমে স্থানান্তর করা হয়। অন্যদিকে, ক্ষুব্ধ এলাকাবাসী ওই বাস থেকে চালককে নামিয়ে রাস্তার ধারে দাঁড় করায়। গালিগালাজের পাশাপাশি তাঁকে মারধর করা হয়। শুধু তাই নয়, বাসেও যথেচ্ছ ভাঙচুর করা হয়। পরে বেলঘরিয়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
প্রত্যক্ষদর্শী সোমনাথ দত্ত বলেন, ওই এলাকায় একটি স্কুল রয়েছে। অন্যান্য দিন ওই সময় রাস্তায় ছাত্রছাত্রী ও অভিভাবকরা থাকেন। এইভাবে লেন ভেঙে উল্টো দিকে এসে ধাক্কা দিলে কি ভয়ঙ্কর পরিস্থিতি হতো? বাইক চালক নিজের রাস্তা ধরেই আসছিল। শুধুমাত্র রেষারেষি করে দ্রুত গতিতে যেতে গিয়ে চালক এই দুর্ঘটনা ঘটিয়েছে। স্থানীয়দের কথায়, নিমতা-হাওড়া রুটের মিনিবাস মাঝেমধ্যেই এইভাবে বেপরোয়া গতিতে যায়। তার জেরে টুকটাক দুর্ঘটনাও ঘটে। অবিলম্বে এইসব বেপরোয়া বাস ও অন্যান্য গাড়িচালকদের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ নেওয়া প্রয়োজন। নাহলে এম বি রোডে দুর্ঘটনা এড়ানো যাবে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ