Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

দুবরাজপুরে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্যোগ, অম্রুত প্রকল্পে ব্যয় হবে ৫১ কোটি টাকা

দুবরাজপুরে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্যোগ, অম্রুত প্রকল্পে ব্যয় হবে ৫১ কোটি টাকা
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, সিউড়ি: দুবরাজপুর পুরসভা এলাকায় আম্রুত প্রকল্পের ডিপিআর ইতিমধ্যেই পাঠানো হয়েছে রাজ্যের কাছে। প্রায় ৫১ কোটি টাকা ব্যয়ে শহরের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দাদের বাড়ি বাড়ি পৌঁছে যাবে পানীয় জল। ইতিমধ্যেই এই কেন্দ্রীয় প্রকল্পের অধীনে সাঁইথিয়া ও সিউড়ি পুরসভা এলাকায় কাজ শুরু হয়েছে। কিন্তু সদর মহকুমায় দুবরাজপুর পুরসভা কিছুটা পিছিয়ে পড়েছিল প্রকল্পের ডিপিআর তৈরির ক্ষেত্রে। পুরসভার দাবি, প্রথমে যে ডিপিআর তৈরি হয়েছিল, তাতে দু’টি ওভার হেড ট্যাঙ্কের জলধারণ ক্ষমতা অনেক কম ধরা হয়েছিল। পরবর্তীকালে সেই পরিকল্পনা শুধরে নিয়ে ফের রাজ্যের কাছে চূড়ান্ত ডিপিআর পাঠানো হয়েছে। এখন রাজ্য স্তরের অনুমোদন এলেই দরপত্র প্রক্রিয়া শুরু হবে। তবে পুরসভার দাবি, খুবই দ্রুত এই ডিপিআর অনুমোদনের সম্ভাবনা রয়েছে। আর অনুমোদন এলেই আগামী তিন মাসের মধ্যে দুবরাজপুর শহরেও শুরু হবে এই কাজ। 
Advertisement
উল্লেখ্য, আম্রুত প্রকল্পে বিনামূল্যে শহরের প্রায় পাঁচ হাজার বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়ার কথা ছিল দুবরাজপুর পুরসভার। ২০২৪ সালেই এই কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সেটা সম্ভব হয়নি। পুরসভা সূত্রে জানা গিয়েছে, শহরে ইতিমধ্যেই যে দু’টি জল প্রকল্প রয়েছে, তাতে দুই হাজার বাসিন্দার বাড়িতে পানীয় জলের সংযোগ রয়েছে। এছাড়াও শহরের বিভিন্ন পাড়ার রাস্তার ধারে রয়েছে পানীয় জলের ট্যাপ কল। তাতে শহরের প্রায় ৩৫ হাজার মানুষ পানীয় জল পান। কিন্তু এরপরও এই শহরের ১৬টি ওয়ার্ডের প্রত্যেকটিতে পানীয় জলের যথেষ্ট সমস্যা রয়েছে বলে বাসিন্দাদের অভিযোগ। বিশেষ করে শহরের ১, ২, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে জলের সমস্যা সর্বাধিক রয়েছে। গ্রীষ্মকালে এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করে। তাই আম্রুত প্রকল্পে এই পানীয় জলের সমস্যা মেটানোর উদ্যোগ নিয়েছে পুরসভা। এর জন্য একটি পরিকল্পনা বা ডিপিআর ইতিমধ্যেই তৈরি করা হয়েছে পুরসভার উদ্যোগে। তাতে ৫১ কোটি ৩১ লক্ষ টাকা খরচ হিসেবে ধরা হয়েছে। আর সেই পরিকল্পনা পাঠানো হয়েছে রাজ্যস্তরে। যার চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে শহরের প্রায় পাঁচ হাজার বাড়িতে নতুন পানীয় জলের কানেকশন দেবে পুরসভা। আর তাতে আরও কুড়ি হাজারেরও বেশি মানুষ উপকৃত হবেন বলে পুরসভার দাবি। এই নতুন জল প্রকল্পে ভীমগড়ের রতনপুর থেকে অজয় নদীর জল পাইপ লাইনের মাধ্যমে দুবরাজপুর শহরে পৌঁছবে। বর্তমানে শহরের বাসিন্দারা জনপিছু আনুমানিক ৬৫ লিটার করে জল পেয়ে থাকেন। আর প্রকল্প বাস্তবায়িত হলে জনপ্রতি ১৩৫ লিটার জল সরবরাহ করা হবে। 
দুবরাজপুর পুরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে বলেন, এই আম্রুত জল প্রকল্পের জন্য যে ডিপিআর প্রথমে তৈরি করা হয়েছিল, তাতে দু’টি ওভার হেড ট্যাঙ্কের জল ধারণ ক্ষমতা কম ধরা হয়েছিল। সেই ডিপিআর পরিবর্তন করে নতুন করে রাজ্যের কাছে পাঠানো হয়েছে। এখন রাজ্যের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আমাদের আশা, দ্রুত সেই অনুমোদন পাওয়া যাবে এবং জল প্রকল্পের কাজও তাড়াতাড়ি শুরু হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে শহরের সিংহভাগ এলাকায় পানীয় জলের সমস্যা মিটবে।  
- প্রতীকী চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ