নয়াদিল্লি: সেটলমেন্ট অ্যাকাউন্ট থেকে প্রায় ১৪ কোটি টাকা উধাও হয়ে গিয়েছে বলে অভিযোগ করল সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়া। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রত্যেক ব্যাংকের সঙ্গে পরিচালনগত প্রয়োজনে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) মধ্যে একটি ‘কারেন্ট অ্যাকাউন্ট’ ব্যবহৃত হয়। সেটিকেই বলা হয় সেটলমেন্ট অ্যাকাউন্ট। সেন্ট্রাল ব্যাংক কর্তৃপক্ষ পুলিশকে জানিয়েছে, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা সেই অ্যাকাউন্ট থেকে ১৩ কোটি ৯৭ লক্ষ টাকা সরিয়ে ফেলেছে। আর এই কাজ করা হয়েছে ভারতের ব্যাংকিং ব্যবস্থায় ব্যবহৃত কেন্দ্রীয় সার্ভার (এসএফএমএস)-এর ভিতরে ঢুকেই। এই সার্ভারটির দায়িত্বে রয়েছে আরবিআইয়ের অধীনস্থ সংস্থা ইন্ডিয়ান ফিনান্সিয়াল টেকনোলজি অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস (ইফটাস)। আরটিজিএস এবং এনইএফটি ব্যবস্থাও এই সার্ভারের মাধ্যমেও পরিচালিত হয়। সেন্ট্রাল ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫ থেকে ১৭ অক্টোবরের মধ্যে ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা সার্ভারে হানা দেয়। এরপর মোট ১৮৭টি বেআইনি ‘ট্রান্সফার’-এর মাধ্যমে ওই টাকা সরিয়ে ফেলা হয়। এমন ঘটনায় ব্যাংকিং ব্যবস্থার নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠছে।
সেন্ট্রাল ব্যাংক কর্তৃপক্ষের করা এফআইআরে বলা হয়েছে, যে টাকা উধাও হয়েছে তা ভাগে ভাগে ৩৬টি অন্য অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। ওই অ্যাকাউন্টগুলির কোনোটিই সেন্ট্রাল ব্যাংকের নয়। কারণ, ব্যাংকের অভ্যন্তরীণ টিমও কোনো শাখায়, ইন্টারনেট বা মোবাইল ব্যাংকিংয়ে অথবা অন্য কোনো মাধ্যমে এই ১৮৭টি লেনদেনের অস্তিত্ব খুঁজে পায়নি। ঘটনার তদন্তে নেমে আপাতত সূত্র হাতড়াচ্ছে পুলিশও। এক তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, টাকা লেনদেন নিয়ে খুব বেশি তথ্য মেলেনি। প্রায় ১৪ কোটি টাকা কীভাবে সরিয়ে ফেলা হল, তা খুঁজে বের করা অত্যন্ত কঠিন। ঘটনার কথা জানার পরেই বিষয়টি আরবিআই-কে জানায় সেন্ট্রাল ব্যাংক কর্তৃপক্ষ। এছাড়া ইফটাস, দক্ষ পোর্টাল, ন্যাশনাল ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার প্রোটেকশন সেন্টার (এনসিআইআইপিসি), ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি-ইন)-কেও জানানো হয়েছে। প্রতারণার অভিযোগে অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।



