নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জোট ভেঙেছে আগেই। একদিকে রাহুল গান্ধী যখন কেরলে সিপিএম ও বিজেপির ‘সেটিং’ খুঁজে পাচ্ছেন, তখনই বাংলার কংগ্রেস তাদের প্রচার ভিডিয়োয় ঠেস দিল সিপিএমকে। কারখানা বন্ধের কারিগর বলা হল সিপিএমকেই। সেই প্রচার ভিডিয়োয় কংগ্রেস বলছে, বাংলায় তাদের আমলেই দুর্গাপুর স্টিল প্লান্ট, ক্যালকাটা ট্রাম কোম্পানি, কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্ট, খড়্গপুর আইআইটি সহ বহু কিছু হয়েছে। তারপর সরকার এসে হরতাল করে সব কারখানা বন্ধ করে দিয়েছে। এর বিরোধিতা করেছে সিপিএম। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘বাম আমলে বাংলা কৃষি, শিল্প, শিক্ষায় ১ নম্বরে ছিল। কংগ্রেস আমলে তা অনেক নীচে ছিল। ১৯৭৭ সালের পর থেকে উন্নতি শুরু হয়েছে। প্ল্যানিং কমিশনের রিপোর্ট দেখে নিক কংগ্রেস।’ কংগ্রেস নেতা অশোক ভট্টাচার্যের (রাজা) বক্তব্য, ‘আমরা ট্রেড ইউনিয়ন আন্দোলনের বিরোধী নই। শ্রম কোডের বিরুদ্ধে আমরাও কথা বলেছি। কিন্তু মালিক মানেই খারাপ, এরকম কথা বলে বিভিন্ন জায়গায় কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। কারখানা মালিককে খুন হতে হয়েছে। জুটমিলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা ভিডিয়োতে যে কথাগুলো বলেছি, তার বিরোধিতা করতে পারবে কি সিপিএম?’



