নয়াদিল্লি: দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তথা সমাজকর্মী আকৃতি চৌধুরীকে জাতীয় নিরাপত্তা আইনে (এনএসএ) আটক করার নির্দেশ বাতিল করেছিল এলাহাবাদ হাই কোর্ট। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করা হবে বলে জানাল কেন্দ্র। বুধবার সুপ্রিম কোর্টে এ কথা জানান সলিসিটর জেনারেল তুষার মেহতা। গত এপ্রিলে নয়ডায় শ্রমিক বিক্ষোভে উসকানির অভিযোগে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আকৃতি চৌধুরীকে আটক করা হয়। তবে ২ সেপ্টেম্বর আকৃতিকে মুক্তি দেওয়ার নির্দেশ দেয় এলাহাবাদ হাইকোর্ট। বিচারপতি অতুল শ্রীধরন এবং বিচারপতি অচল সচদেবের বেঞ্চ নয়ডার জেলা প্রশাসনের ভূমিকার তীব্র সমালোচনা করে। আটকের নির্দেশ দেওয়ার পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলে আদালত। আকৃতিকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় আদালত। সেই টাকা গৌতম বুদ্ধ নগরের জেলাশাসক মেধা রূপম এবং ঘটনায় দায়ী অন্যান্য আধিকারিকের বেতন থেকে আদায়ের নির্দেশও দেওয়া হয়। মেধার অন্য পরিচয়, তিনি দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের মেয়ে। এবার হাইকোর্টকে রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা জানাল কেন্দ্র।



