Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বুকিং হচ্ছে না! রান্নার গ্যাসের গ্রাহকদের অভিযোগ অব্যাহত, ‘প্যানিক বুকিং’-এর ফলে বসে যাচ্ছে সার্ভার, দাবি ডিস্ট্রিবিউটরদের

সিলিন্ডার বুকিং নিয়ে গ্রাহকের সমস্যা অব্যাহত। বহু গ্রাহক এখনও অভিযোগ করছেন, তাঁরা মোবাইল ফোনের মাধ্যমে গ্যাস বুকিং করতে পারছেন না

বুকিং হচ্ছে না! রান্নার গ্যাসের গ্রাহকদের অভিযোগ অব্যাহত, ‘প্যানিক বুকিং’-এর ফলে বসে যাচ্ছে সার্ভার, দাবি ডিস্ট্রিবিউটরদের
  • ১৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিলিন্ডার বুকিং নিয়ে গ্রাহকের সমস্যা অব্যাহত। বহু গ্রাহক এখনও অভিযোগ করছেন, তাঁরা মোবাইল ফোনের মাধ্যমে গ্যাস বুকিং করতে পারছেন না। অনেক ক্ষেত্রে নির্দিষ্ট নম্বরটির অস্তিত্ব নেই বলে জানিয়ে দেওয়া হচ্ছে। কারও ক্ষেত্রে আবার সিলিন্ডার বুকিং হলো কি না, সেটাই জানার সুযোগ থাকছে না। কারণ, বুকিংয়ের পর যে মেসেজ মোবাইলে আসে, তা মিলছে না। গ্যাস সংস্থা এবং ডিস্ট্রিবিউটরদের বক্তব্য, একবার চেষ্টা করে না হলে গ্রাহক বারবার চেষ্টা করুন। কারণ, সাম্প্রতিক পরিস্থিতিতে বুকিংয়ের অতিরিক্ত চাপে তেল সংস্থাগুলির সংশ্লিষ্ট সার্ভার বসে যাচ্ছে বহু ক্ষেত্রে। এই ‘প্যানিক বুকিং’-এর প্রবণতা কমে এলেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশ্বাস দিচ্ছেন তাঁরা। অনেকে অবশ্য আগের ডেলিভারির ২৫ দিন অতিবাহিত হওয়ার আগেই বুকিংয়ের চেষ্টা করছেন। নয়া নিয়ম অনুযায়ী তাঁদের বুকিং নেওয়া হচ্ছে  না। 

Advertisement

সূত্রের খবর, স্বাভাবিক সময়ের তুলনায় অন্তত তিন গুণ বেশি বুকিং হচ্ছে গত কয়েকদিন ধরে। এতটা চাপ নেওয়ার ক্ষমতা সফটওয়্যারের নেই। এই কারণে যত বিপত্তি। ডিস্ট্রিবিউটরদের বক্তব্য, আগামী দিনে গ্যাস মিলবে না—এই আশঙ্কায় বহু গ্রাহক তড়িঘড়ি সিলিন্ডার  বুকিং করতে চাইছেন। অথচ তাঁদের শেষ ডেলিভারির পর ২৫ দিন অতিক্রান্ত হয়নি তখনও। স্বাভাবিক নিয়মে তাঁদের বুকিং তেল সংস্থা নেবে না। বুকিং সংক্রান্ত নিয়ন্ত্রণ জারি হয়েছে ৭ মার্চ থেকে। যাঁরা তার কয়েকদিন আগে বুকিং করেছেন, কিন্তু শেষ ডেলিভারির ২৫ দিনের সময়সীমা তখনও পার হয়নি, তাঁদের বুকিংও বাতিল হয়ে যাওয়ার কথা। তাঁরা সিলিন্ডার ডেলিভারির অপেক্ষায় থাকলে ভুল হবে বলেই জানাচ্ছেন ডিস্ট্রিবিউটররা। তাঁদের কথায়, ‘এই বুকিংয়ের জন্য যখনই ক্যাশমেমো জেনারেট করতে যাওয়া হচ্ছে, তখনই তা সিস্টেম আটকে দিচ্ছে।’ অন্যদিকে, তাঁদের একাংশের বক্তব্য, কখনও মিসড কল পরিষেবার মাধ্যমে গ্যাস বুকিংয়ে সমস্যা হচ্ছে, তো কখনও আইভিআরএস পদ্ধতির মাধ্যমে বুকিং দিচ্ছে না। বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে, গ্রাহক বুঝতেই পারছেন না, তাঁর সিলিন্ডারটি বুক হল কি না। তার কারণ যে এসএমএস তাঁরা বুকিংয়ের পর পেয়ে থাকেন, তা মিলছে না।  ডিস্ট্রিবিউটরদের বক্তব্য, সংস্থাগুলি বকেয়া এসএমএসগুলি পাঠানোর চেষ্টা করছে। কিছু গ্রাহক তা পেয়েছেন বা পেতে চলেছেন। বাকিরা পাচ্ছেন না। সব মিলিয়ে ডামাডোল চলছে। তাহলে উপায়? ডিস্ট্রিবিউটরদের পরামর্শ, ‘গ্যাস বুকিং করার আগে দেখে নিন, শেষ ডেলিভারির পর ২৫ দিন অতিক্রান্ত হয়েছে কি না। যদি হয়ে থাকে, তাহলে বুকিং করা যাবে। এক্ষেত্রে যদি কোনো প্রযুক্তিগত সমস্যা হয়, তাহলে বারবার চেষ্টা করুন। যদি মোবাইল নম্বরের সঙ্গে সংশ্লিষ্ট তেল সংস্থার হোয়াটসঅ্যাপ নম্বর  যুক্ত করা থাকে, তাহলে তার মাধ্যমে বুকিং করার চেষ্টা করুন। বিভিন্ন ইউপিআই ব্যবস্থায় সিলিন্ডার বুক করার সুযোগ রয়েছে। প্রয়োজনে সেই পদ্ধতিও ব্যবহার করা যেতে পারে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ