Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আধুনিকতা ও ঐতিহ্যের মিশেলে গড়ে উঠেছে কোচবিহার বিবেকানন্দ বিদ্যাপীঠ

আধুনিকতা ও ঐতিহ্যের মিশেলে গড়ে উঠেছে কোচবিহার বিবেকানন্দ বিদ্যাপীঠ
  • ৩১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সুকান্ত গঙ্গোপাধ্যায়, কোচবিহার: কোচবিহার শহরের নিউটাউন পাড়ায় অবস্থিত বিবেকানন্দ বিদ্যাপীঠ (উচ্চ মাধ্যমিক) আধুনিকতা ও ঐতিহ্যের এক মিশেল রূপে গড়ে উঠেছে। পড়াশোনা ও খেলাধুলোর চর্চার পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা কর্মী ও পরিচালন সমিতির সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয় প্রাঙ্গণ, ক্লাস রুম, ল্যাবরেটরিগুলিকে সুন্দর করে সাজান হয়েছে। বিদ্যালয়ের বারান্দা, সীমানা প্রাচীরের দেওয়ালগুলি নানা ছবিতে ভরিয়ে তোলা হয়েছে। প্রতি বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলও বেশ ভালো হয়।

Advertisement

বিবেকানন্দ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সৌমেন সাহা বলেন, পরিচালন সমিতি, সমস্ত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীরা মিলে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছনোর জন্য আমরা সমানভাবে চেষ্টা করে চলেছি। স্কুলে ক্লাস রুমের প্রয়োজন। আমরা স্কুলে ইংরাজি মাধ্যম খুলতে চাই। সেই প্রক্রিয়া চলছে। ছাত্রছাত্রীদের মধ্যে গণিতের বিমূর্ত ধারণাগুলিকে মূর্ত রূপে প্রকাশ করার উদ্দেশ্যে রামানুজন ম্যাথ অ্যাক্টিভিটি পার্ক তৈরি করা হয়েছে।
স্কুলের পরিচালন সমিতির সভাপতি অভিষেক সিংহ রায় বলেন, স্কুলে এখন সব থেকে বেশি প্রয়োজন ক্লাস রুমের। সেই বিষয়টি জানিয়ে সরকারের কাছে আবেদন করা হয়েছে। স্কুলের মাঠটিরও সংস্কারের প্রয়োজন। শিক্ষক-শিক্ষিকা-শিক্ষা কর্মীরা যেভাবে স্কুলের বিষয়ে উদ্যোগী তা সত্যিই প্রশংসনীয়। স্কুলের সহকারী প্রধান শিক্ষক নকুল বসুনিয়া বলেন, আমি এই স্কুলেরই ছাত্র ছিলাম। ২৮ বছর ধরে এখানেই শিক্ষকতা করছি। সেই সময়ের তুলনায় স্কুলের আমূল পরিবর্তন হয়েছে।
১৯৫৪ সালে বিবেকানন্দ বিদ্যাপীঠ স্থাপিত হয়। ১৯৬০ সালে প্রথমবার মাধ্যমিক ও ১৯৬৫ সালে প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল এখানকার ছাত্ররা। ২০২২ সালে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে কো-এডুকেশন চালু হয়। বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা ১৪১১। শিক্ষক-শিক্ষিকার সংখ্যা ৩৮। শিক্ষা কর্মীর সংখ্যা ছয়। অঙ্ক, পদার্থ বিদ্যা, রসায়ন, জীববিদ্যা, কম্পিউটার, ভূগোলের জন্য ল্যাবরেটরি রয়েছে। স্কুলের খেলার মাঠেই রয়েছে ম্যাথ পার্ক। এসবের মাধ্যমে দৈনন্দিন জীবনে গণিতের প্রয়োগ দেখার সুযোগ হয়েছে। স্মার্ট ক্লাস, পেপার কর্ণার, দেওয়াল পত্রিকা, কিচেন গার্ডেন ও ভেষজ উদ্যান রয়েছে। ২০২২ সালে স্কুলের ছাত্র বিতান চক্রবর্তী মাধ্যমিকে রাজ্যে দশম, ২০০৭ সালে তিতাস মুখোপাধ্যায় মাধ্যমিকে রাজ্যে পঞ্চম স্থান লাভ করেছিল। ২০২৪ সালে শুভম চক্রবর্তী জাতীয় স্তরের সাঁতার প্রতিযোগিতায় তৃতীয় হয়েছিল। ওই বছরই সুব্রত কাপে স্কুল জেলা চ্যাম্পিয়ন হয়। অনেক স্কুলে যখন ছাত্র সংখ্যা কমছে তখন বিবেকানন্দ বিদ্যাপীঠে বাড়ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ