সংবাদদাতা, দেওয়ানহাট: দীর্ঘদিন ধরে বেহাল থাকার পর অবশেষে সংস্কার হতে চলেছে কোচবিহারের ঐতিহ্যবাহী ব্রাহ্ম মন্দির উদ্যানের। গ্রিন সিটি মিশনের ‘অমৃত-২’ প্রকল্পে ৪০ লক্ষ টাকা ব্যয়ে ঢেলে সাজানো হবে উদ্যানটি। ইতিমধ্যেই কাজের টেন্ডার করা হয়ে গিয়েছে। এরমধ্যেই কাজটি শুরু হবে বলে কোচবিহার পুরসভা সূত্রে জানা গিয়েছে। এছাড়াও সাগরদিঘির দক্ষিণ-পূর্ব কোণে শহরের প্রাণকেন্দ্রে থাকা গায়ত্রীদেবী উদ্যানটিও সংস্কারের উদ্যোগ নিয়েছে কোচবিহার পুরসভা।
কোচবিহার শহরের সুনীতি রোডের পাশে থাকা রাজ আমলের ঐতিহ্যবাহী ব্রাহ্ম মন্দির পার্কটি সঠিক দেখভাল ও রক্ষণাবেক্ষণের অভাবে বহুদিন ধরেই বেহাল অবস্থায়। পার্ক চত্বরের চারপাশ জঙ্গলে ঢেকে গিয়েছে। আগে পার্কে রাতে আলোর ব্যবস্থা থাকলেও কয়েক বছর ধরে সেগুলিও বিকল হয়ে থাকায় সন্ধ্যা হতেই অন্ধকারে ডুবে যায় গোটা পার্ক। রাজআমলে গড়ে ওঠা ব্রাহ্ম মন্দিরটিও রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল এখন। একসময় পার্কে শিশুদের বিনোদনের জন্য দোলনা সহ কিছু খেলার উপকরণ থাকলেও দীর্ঘসময় রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে আছে ওসব।
অন্যদিকে, গায়ত্রীদেবী উদ্যানে একটি মুক্তমঞ্চ ও কয়েকটি দোলনা থাকলেও অন্য ক্রীড়া সরঞ্জাম তেমন নেই। তবুও প্রতিদিন বিকেলে ওই পার্কে শিশুদের নিয়ে আসেন অভিভাবকরা। দীর্ঘদিন ধরেই রাজার শহরের এই দুই উদ্যান সংস্কার ও সৌন্দর্যায়নের দাবি ছিল শহরবাসীর। ব্রাহ্ম মন্দির পার্ক ও গায়ত্রীদেবী উদ্যান দু’টির আমূল সংস্কার করে সেখানে শিশুদের খেলার বিভিন্ন ধরনের সরঞ্জাম বসানো হবে। মনীষীদের মূর্তিও বসবে। এছাড়াও বসার জায়গা নতুন করে বানানো হবে, লাইট লাগানো হবে।
কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ওই পার্ক দু’টির সংস্কার ও সৌন্দর্যায়নের কাজ আমরা এরমধ্যেই শুরু করব। ব্রাহ্ম মন্দির উদ্যানটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে ঢেলে সংস্কার করা হবে। ইতিমধ্যেই ওই কাজের টেন্ডার করা হয়ে গিয়েছে। গায়ত্রী দেবী পার্কের জন্য ৪০ লক্ষ টাকার একটি ডিপিআর বানিয়ে রাজ্যের কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন মিললেই ওই পার্কেরও সংস্কারের কাজ শুরু হবে।