সংবাদদাতা, বনগাঁ: আন্দামান সিপিঘাটে মতুয়াদের অনুষ্ঠান নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুরের দাবি, ওই অনুষ্ঠানের কোনো বৈধতা নেই। মতুয়াদের পক্ষ থেকে অনুষ্ঠান করা হচ্ছে না। ২৮ তারিখ আন্দামান সিপিঘাটে মতুয়াদের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার উপস্থিত থাকার কথা রয়েছে। যদিও অনুষ্ঠানটি নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। একটি অডিও বার্তায় মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর দাবি করেন, কে বা কারা ওই অনুষ্ঠানের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে জানি না। তবে মতুয়াদের পক্ষ থেকে ঠাকুর বাড়িতে কোনও অনুষ্ঠানের সূচনা হয়নি। বেনামি ওই অনুষ্ঠানে মতুয়াদের যোগদান না করার আবেদন করেছেন তিনি।
যদিও এবিষয়ে কোনো মন্তব্য করতে চাননি খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। তবে অনুষ্ঠানে যোগ দিতে তিনি আন্দামান যাচ্ছেন বলে জানা গিয়েছে।



